খবরটি শুনুন
অডিও সংস্করণ
বাতিল হয়ে গেল সিবিএসই দশম শ্রেণির বোর্ড পরীক্ষা। বোর্ডের নীতি মেনে দশম শ্রেণির পড়ুয়াদের মার্কশিট তৈরি করা হবে। তবে হবে দ্বাদশ শ্রেণির পরীক্ষা। বর্তমান করোনাভাইরাস পরিস্থিতিতে তা শুধুমাত্র স্থগিত করে দেওয়া হয়েছে। আগামী ১ জুন আবারও পরিস্থিতির পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক।
দেশে যে হারে করোনাভাইরাস সংক্রমণ ক্রমশ বাড়ছে, সেই পরিস্থিতিতে সিবিএসই বোর্ড পরীক্ষা কীভাবে হবে, তা নিয়ে বুধবার একটি উচ্চপর্যায়ের বৈঠকের পৌরহিত্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বর্তমান পরিস্থিতির পর্যালোচনা করেন তিনি। বৈঠকের পরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল ‘নিশাঙ্ক’ বলেন, ‘প্রধানমন্ত্রী জোর দিয়েছেন যে পড়ুয়াদের সুস্থতার বিষয়ে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার।’ সেইসঙ্গে পড়ুয়াদের পড়াশোনা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, তা নিশ্চিত করকার উপরও জোর দিয়েছেন মোদী।
Today Hon’ble Prime Minister Shri @narendramodi Ji chaired a high-level meeting to review the examinations to be held at various levels in view of the developing Corona situation.
— Dr. Ramesh Pokhriyal Nishank (@DrRPNishank) April 14, 2021
পোখরিয়াল জানান, তাই দশম শ্রেণির বোর্ড পরীক্ষা বাতিল করা হচ্ছে। যে পরীক্ষা ৪ মে থেকে শুরু হয়ে আগামী ১৪ জুন শেষ হওয়ার কথা ছিল। পরিবর্তে বোর্ডের তৈরি করা নীতির ভিত্তিতে দশম শ্রেণির পড়ুয়াদের রেজাল্ট তৈরি করা হবে। যে পড়ুয়ারা নিজেদের নম্বরে সন্তুষ্ট হবে না, তাদের পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন পোখরিয়াল। তিনি বলেন, ‘যে পরীক্ষার্থীরা নিজেদের নম্বরে সন্তুষ্ট হবে না, তাদের পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হবে। যখন পরিস্থিতি অনুকূল হবে, তখন পরীক্ষা নেওয়া হবে।’
তবে কলেজে ভরতি হওয়ার আগে দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা বাতিল করা হয়নি। বর্তমান পরিস্থিতিতে তা স্থগিত করে দেওয়া হয়েছে। বরং ১ জুন করোনা পরিস্থিতির পর্যালোচনা করা হবে। পরিস্থিতির উপর বিবেচনা করে দ্বাদশ শ্রেণির পরীক্ষা দিনক্ষণের নির্ধারণ হবে। শিক্ষামন্ত্রীর আশ্বাস, পরীক্ষা শুরুর কমপক্ষে ১৫ দিন আগে নোটিশ দেওয়া হবে।