খবরটি শুনুন
অডিও সংস্করণ
দেশজুড়ে নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে করোনার নয়া স্ট্রেন ওমিক্রন। পরিস্থিতি ভেবে প্রয়োজনে ফের বন্ধ করা হতে পারে স্কুল-কলেজ প্রশাসনিক বৈঠক থেকে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার গঙ্গাসাগরে যান মুখ্যমন্ত্রী। পুজো দিয়েছেন কপিলমুনির আশ্রমে। এদিন অর্থাৎ বুধবার সাগরে দক্ষিণ ২৪ পরগনার প্রশাসনিক বৈঠক করেন তিনি। বৈঠকে মুখ্যমন্ত্রী খোঁজ নেন রাজ্যের করোনা পরিস্থিতির। ওমিক্রন থেকে বাঁচতে প্রত্যেককে সতর্ক হওয়ার বার্তা দেন। প্রত্যেককে মাস্ক, স্যানিটাইজার ব্যবহারের পরামর্শ দেন।
এরপরই মমতা বলেন, “করোনার তৃতীয় ঢেউ এসে গিয়েছে। যদি স্কুলে করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকে সেক্ষেত্রে ফের বন্ধ করা হতে পারে স্কুল। একই সিদ্ধান্ত নেওয়া হতে পারে কলেজ-সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নিয়েও।” দেশজুড়ে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে ওমিক্রন। লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। বিশেষজ্ঞরা জানিয়েছেন, ডেল্টার থেকে ৩ গুণ বেশি সংক্রমণ ক্ষমতা ধরে করোনার এই অবতার। এখনও পর্যন্ত ১০৯টি দেশে ছড়িয়েছে এই স্ট্রেন। এই মুহূর্তে ভারতে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৮১। যার ফলে রাজ্যগুলির জন্য নতুন নির্দেশিকা জারি করেছে কেন্দ্রের স্বাস্থ্যমন্ত্রক।