খবরটি শুনুন
অডিও সংস্করণ
ফের আরেকবার দুর্ঘটনার কবলে অভিশপ্ত বিকানের গুয়াহাটি এক্সপ্রেসের ইঞ্জিন। জানাগিয়েছে শিলিগুড়িতে আনার পথে লাইনচ্যূত হয়েছে ইঞ্জিনটি। শিলিগুড়ি জংশনে ডিজেল শেডে ঢোকার পথে লাইন থেকে বেরিয়ে যায় ইঞ্জিনটি। ঘটনার জেরে মহানন্দা এক্সপ্রেসের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে। শনিবার সন্ধ্যা সাতটা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে। রেলের কর্তারা তড়িঘড়ি দুর্ঘটনাস্থলে পৌঁছান। বিকানের গুয়াহাটি এক্সপ্রেসের ওই ইঞ্জিনটিতে কোনও গোলযোগ রয়েছে কি না, তা পরীক্ষা করে দেখার জন্য রেখে দেওয়া হয়েছিল ময়নাগুড়ির দুর্ঘটনাস্থলে। এতদিন সেখানেই ইঞ্জিনটির ফরেন্সিক পরীক্ষা চলছিল। ওই পরীক্ষা পর্ব শেষে শুক্রবার বিকেলেই ওই ইঞ্জিনটি শিলিগুড়িতে নিয়ে আসা হচ্ছিল।
সেই সময়েই শিলিগুড়ি জংশনের ডিজেল শেডের ঠিক কাছেই লাইনচ্যূত হয়ে যায় অভিশপ্ত ট্রেনের ইঞ্জিনটি। এই রুট দিয়েই মহানন্দা এক্সপ্রেস যাওয়ার কথা ছিল। কিন্তু দুর্ঘটনার জেরে ট্রেনটির যাত্রাপথ বদল করা হয়েছে। ঘুরপথে নিউ জলপাইগুড়ি স্টেশন হয়ে যাবে মহানন্দা এক্সপ্রেস। কিছুদিন আগেই এক ভয়ঙ্কর রেল দুর্ঘটনার সাক্ষী ছিল গোটা রাজ্য তথা দেশ। বিগত কয়েক বছরে এমন ভয়ঙ্কর দুর্ঘটনা দেখা যায়নি রেলে। দুর্ঘটনার কবলে পড়া বিকানের গুয়াহাটি এক্সপ্রেসের একটি বগি দুমড়ে মুচড়ে অন্য বগির উপর উঠে গিয়েছিল। অনেকে প্রাণ হারিয়েছিলেন দুর্ঘটনা, আহতের সংখ্যাও অনেক। আর এরই মধ্যে ফের একবার দুর্ঘটনার কবলে অভিশপ্ত বিকানের গুয়াহাটি এক্সপ্রেসের ইঞ্জিন। যদিও ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। তবে বার বার এমন দুর্ঘটনায় প্রশ্ন উঠছে রেলের যাত্রী সুরক্ষা নিয়ে।