খবরটি শুনুন
অডিও সংস্করণ
তিনদিন থেকেই নিখোঁজ রাজগঞ্জের যুবতী। সামনেই কলেজে প্রথম বর্ষের পরীক্ষা। বান্ধবীর বাড়িতে 'নোট নিতে যাচ্ছি' বলে বেরিয়ে এখনও ঘরে ফেরেনি যুবতী। নিখোঁজের দিন থেকেই বন্ধ রয়েছে তার মোবাইল ফোন। রাজগঞ্জ ব্লকের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের সাকিরাজোত গ্রামের ঘটনা। নিখোঁজ যুবতীর নাম নিতা সরকার, বয়স ২১ বছর। রাজগঞ্জ কলেজের প্রথম বর্ষের ছাত্রী। তিন দিন ধরে নিখোঁজ মেয়ে।
মেয়ের খোঁজে প্রশাসনের দ্বারস্থ অসহায় পরিবার। ফোন বন্ধ থাকায় বিপদের আশঙ্কা করছে পরিবারের লোকজন। নিখোঁজ যুবতীর বাবা পরিমল সরকার বলেন, গত রবিবার দুপুরে রাজগঞ্জে বান্ধবীর বাড়িতে নোট আনতে যাবে বলে বেরিয়ে যায়। এরপর বিকেল গড়িয়ে গেলেও বাড়ি না ফেরায় খোঁজ শুরু করে। সেদিনই বিকেলে রাজগঞ্জ থানায় লিখিত অভিযোগ জানিয়েছে মেয়ের বাবা। তবে ৩ দিন পেরিয়ে গেলেও এখনও কোনও খোঁজ মেলেনি যুবতীর। মেয়ে কোথায় রয়েছে? কোনও খারাপ ব্যক্তির খপ্পরে পড়ল কিনা! সেই নিয়ে চিন্তায় ভেঙে পড়েছে পুরো পরিবার। তদন্ত করছে রাজগঞ্জ থানার পুলিশ।