Breaking news! Latest news in West Bengal! Siliguri Local News! Jalpaiguri News, KhabarBanga.In - খবর বঙ্গ
অনুপম রায়, রাজগঞ্জ, ২৭ মার্চ ২০২২: রাজগঞ্জ ব্লকের মান্দারী গ্রাম পঞ্চায়েতের মহারাজ ঘাট এলাকায় লোকালয়ে সবজি খেতের পাশ থেকে উদ্ধার হল পুরুষ হাতির মৃতদেহ, বয়স আনুমানিক ৩০/৩৫। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোন বৈকুণ্ঠপুর বনবিভাগের বেলাকোবা রেঞ্জ অফিসের বনকর্মীরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বন সংলগ্ন তিস্তার চর এলাকায় ব্যাপকহারে সবজি চাষ করে থাকে চাষীরা। জঙ্গলে সঠিক পরিমাণ খাওয়া পাওয়াতে খাদ্যের সন্ধানে প্রায় দিনই বুনো হাতি ওই এলাকায় হানা দেয়। অনেক চাষিই জমির ফসল হাতির হাত থেকে বাঁচাতে বিদ্যুৎবাহী তার দিয়ে ঘিরে রাখেন বলে অভিযোগ। রবিবার একটি লাউ খেতের পাশে হাতিটিকে মৃত অবস্থায় পাওয়া যায়। হাতিটির মৃতদেহের পাশেই পড়ে ছিল ব্যাগ ভর্তি রাসায়নিক সার। অনুমান করা হচ্ছে, এই রাসায়নিক সার খেয়ে হয়ত হাতিটি মারা গেছে। এরপর তারা খবর দেন বেলাকোবা রেঞ্জ অফিসে। খবর পেয়ে ঘটনাস্থলে যান বনাধিকারিক মঞ্জুলা তিরকে।
এডিএফও মঞ্জুলা তির্কি জানান, ঠিক কি কারণে হাতিটির মৃত্যু হয়েছে তা ময়নাতদন্ত করার পর জানা যাবে। এর আগেও এই এলাকায় বিদ্যুৎ পিষ্ট হয়ে হাতি মারা গেছে। সেই সময় কয়েকজনকে গ্রেপ্তার করেছিল বনদপ্তর। স্থানীয়দের কয়েকজনের অনুমান, হাতিটি হৃদরোগে আক্রান্ত হয়েও মারা যেতে পারে। হাতির মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন পরিবেশ প্রেমীরা।
Advertisement