খবরটি শুনুন
অডিও সংস্করণ
সৌভিক দত্ত, জলপাইগুড়ি: পৃথক দুটি পথ দুর্ঘটনায় আহত তিন। ঘটনায় দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের জলপাইগুড়ি স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। প্রথম পথ দুর্ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি শহরের সংহতি নগর এলাকায়। অন্যদিকে অপর দুর্ঘটনাটি ঘটে ধূপগুড়ির স্টেশন মোড় সংলগ্ন এলাকায়। একই দিনে পরপর দুটি দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ধুপগুড়ি শহরে।
স্থানীয় সূত্রে জানা যায় ধূপগুড়ি হাসপাতালের দিক থেকে একটি বাইকে দুইজন ধূপগুড়ি বাজারের দিকে আসছিল। সেই মুহূর্তে সংহতি নগর এলাকায় একটি ছোট গাড়িকে পাশ কাটাতে গিয়ে মাঝ রাস্তায় পড়ে যায় বাইক আরোহী সহ চালক। সেই মুহূর্তে পিছন দিক থেকে আসা একটি দশ চাকা লরির নীচে বাইক ঢুকে যায়। ঘটনায় দুইজন আহত হয়।স্থানীয়রাই তাদের উদ্ধার করে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসার পর মহিলার অবস্থা গুরুতর হওয়ায় তাকে জলপাইগুড়ি সুপার স্পেশালিস্ট হাসপাতালে স্থানান্তরিত করা হয়।পুলিশ সূত্রে জানা যায় আহত দুইজন ধূপগুড়ি ব্লকের মধ্য বোরাগাড়ির বাসিন্দা।
অন্যদিকে ধূপগুড়ি স্টেশন মোড় সংলগ্ন শুটকি মাছ বাজারের সামনে একটি স্কুটির সাথে লরির সংঘর্ষ ঘটে। স্কুটির চালক লরিটিকে ওভারটেক করতে গেলে দুর্ঘটনার মুখে পড়ে।ঘটনায় স্কুটি চালক গুরুতর আহত হয়।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ধূপগুড়ি ট্রাফিক গার্ডের ওসি সুবীর সাহা তড়িঘড়ি পৌঁছে তার গাড়িতেই ওসি এবং আধিকারিক দেবাশীষ সাহা আহত যুবককে উদ্ধার করে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। যুবকের মাথায় আঘাত গুরুতর হওয়ায় তাকেও কর্তব্যরত চিকিৎসক জলপাইগুড়ি সুপার স্পেশালিস্ট হাসপাতালে স্থানান্তরিত করছে। আহত যুবকের নাম বাবলু শর্মা।তার বাড়ি ধূপগুড়ির ওভারব্রিজ সংলগ্ন এলাকায়। নিজেই গাড়িতে করে নিয়ে যাওযায় স্থানীয়রা ট্রাফিক ওসির এই উপস্থিত কর্তব্যর প্রশংসা করেছেন।
ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালের চিকিৎসকদের কথায় হয়তো সময়মতো নিজের গাড়িতে করে হাসপাতালে নিয়ে না পৌঁছালে বাঁচানো যেত না ওই আহত ব্যাক্তিকে, মাথায় আঘাত ছিল। পুলিশ সূত্রের আরো জানা যায় দুটি ঘটনায় পুলিশের তরফে গাড়ি গুলোকে আটক করে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। যদিও অভিযোগ ধূপগুড়িতে একের পর এক দুর্ঘটনা ঘটে চলছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে শুক্রবার বিকেলে ধূপগুড়িতে আসেন জলপাইগুড়ি ট্রাফিক ডিএসপি অরিন্দম পাল চৌধুরী এবং হাইওয়ে ট্রাফিক ইন্সপেক্টর সন্দীপ সুব্বা।