শিলিগুড়িতে ছাত্রী খুনের ঘটনায় ১২ ঘণ্টা বনধের ডাক, বিরোধিতায় রাস্তায় নামল তৃণমূল

Thursday, August 24, 2023
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
শিলিগুড়ি: ছাত্রী খুনের ঘটনায় আজ তথা বৃহস্পতিবার শিলিগুড়িতে ১২ ঘণ্টার বনধের ডাক দিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ। আজ সকাল থেকেই শিলিগুড়ি থেকে দার্জিলিং,কার্শিয়াং,কালিম্পংগামী গাড়ির সংখ্যা অন্যান্যদিনের তুলনায় কম রয়েছে। অন্যদিকে পাহাড় থেকেও খুবই কম সংখ্যক গাড়ি নামছে।

এদিকে বিধান মার্কেটের মাছ বাজার, সবজি বাজার ও অন্যান্য দোকানপাট সমস্তটাই বন্ধ রয়েছে। বিধান মার্কেটের পাশাপাশি হংকং মার্কেট, শেঠ শ্রীলাল মার্কেটেও প্রচুর দোকান বন্ধ। এদিন সকাল থেকেই ব্যাবসায়ীরা দোকান খোলেননি এবং রেগুলেটেড মার্কেট থেকেও কোনো জিনিস বিধান মার্কেটের সবজি বাজার বা মাছ বাজারে এসে পৌঁছয়নি বলে খবর। এদিন ব্যাবসায়ীরা জানান, এই ঘটনার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং সেকারনেই দোকান বন্ধ রাখা হচ্ছে।

গতকালই ছাত্রী খুনের ঘটনার প্রতিবাদে গাড়ি চালকদের বেশ কয়েকটি সংগঠন সিদ্ধান্ত নেয় যে, আজ শিলিগুড়ি থেকে পাহাড়গামী যেসমস্ত গাড়ি চলাচল করে তা বন্ধ রাখবেন।

আর এই বনধের বিরোধিতায় রাস্তায় নামতে দেখা গেল তৃণমূলকে। এদিন সকালে তৃণমূলের তরফে রাস্তায় নেমে ব্যবসায়ীদেরকে অনুরোধ করা হয় দোকানপাট খোলার জন্য। শিলিগুড়ির হিলকার্ট রোড, সেবক রোড, বিধান মার্কেটে যান শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব, দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ সহ জেলা নেতৃত্বরা। সেখানে গিয়ে ব্যবসায়ীদের দোকানপাট খোলার আবেদন জানান তারা। অন্যদিকে জনজীবন স্বাভাবিক রাখার আবেদন করেন মেয়র গৌতম দেব এবং জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ।

উল্লেখ্য একাদশ শ্রেণীর ওই ছাত্রী একটি নেপালি মাধ্যম স্কুলে পড়তো। সোমবার বিকেলে খাপরাইল মোড় সংলগ্ন এলাকায় একটি জমিতে ছাত্রীর দেহ উদ্ধার হয়। ঘটনার পর তদন্তে নামে মাটিগাড়া থানা, এসওজি ও গোয়েন্দা বিভাগ। রাতে থানায় যান ডিসিপি, এসিপি ও এডিসিপি। মাটিগাড়া এলাকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখতেই স্কুল ছাত্রীর সঙ্গে ওই যুবককে দেখা যায়। এরপরই রাতে মহম্মদ আব্বাসকে গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার মাটিগাড়া থানায় সাংবাদিক বৈঠক করেন ডিসিপি অভিষেক গুপ্তা। তিনি বলেন, স্কুল ছাত্রীকে যৌন নির্যাতনের চেষ্টা করা হয়। এরপর বাঁধা পেতেই ইট দিয়েই মেরে খুন করা হয় ছাত্রীকে। ধৃতকে আদালতে তুলে পুলিশ হেফাজতে নেবে পুলিশ।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator