Bihar Train Accident: বিহারে ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারালো কমপক্ষে চার

Thursday, October 12, 2023
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
ওডিশার বালেশ্বরের বাহানাগা স্টেশনের কাছে ঠিক একইভাবে লাইনচ্যুত হয়েছিল করমণ্ডল এক্সপ্রেস। সেই স্মৃতি উস্কে উঠল বুধবার রাতের এই ভয়াবহ রেল দুর্ঘটনায়। বিহারে ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারালো কমপক্ষে চার, আহত হয়েছেন ৭০ এর বেশি। বুধবার রাতে বিহারের বক্সার জেলার রঘুনাথপুর স্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটে। লাইনচ্যুত হয় ২১ টি বগি। রেল সূত্রে জানা গিয়েছে, ট্রেনটি দিল্লির আনন্দ বিহার টার্মিনাল থেকে অসমের কামাখ্যার দিকে যাচ্ছিল। রাত পৌনে ১০ টার দিকে এ ভয়ানক দুর্ঘটনাটি ঘটে।

দানাপুরের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার জয়ন্তকুমার চৌধুরী জানান, দুর্ঘটনায় বৈদ্যুতিক খুঁটি, সিগন্যাল পোস্ট এবং আপ-ডাউন লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। এ পরিস্থিতিতে নয়াদিল্লি-হাওড়া প্রধান লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। প্রাথমিকভাবে উদ্ধারকাজ এবং পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চলছে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত কমিটি গঠন করা হচ্ছে।

বক্সার জেলা প্রশাসক অংশুল আগরওয়াল চারজনের মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, আহতদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। লাইনচ্যুত বগিগুলোর মধ্যে কোনো যাত্রী আটকে পড়েছে কি না তার সন্ধান চলছে। পূর্ব মধ্য রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক বীরেন্দ্র কুমার বলেন, 'দিল্লি-কামাখ্যা নর্থ ইস্ট এক্সপ্রেস বিহারের বক্সারে রঘুনাথপুর স্টেশনের কাছে লাইনচ্যুত হয়, বুধবার রাত পৌনে ১০ টা নাগাদ। একাধিক কামরা লাইনচ্যুত হয়েছে।

প্রায় ৭০ জন যাত্রী আহত হয়েছেন এই ঘটনায়। রেলকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন। আপাতত ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ আছে।' NDRF, SDRF, রেলের আধিকারিকরা, জেলা প্রশাসনের কর্মীরা এবং স্থানীয় মানুষজন এই উদ্ধারকাজে হাত লাগিয়েছেন। আহতদের ইতিমধ্যেই হাসপাতালে পাঠানো হয়েছে। খুব দ্রুতই উদ্ধারকাজ শেষ হয়ে যাবে। কাজ শেষ হলেই রেললাইন পুনরুদ্ধার শুরু হবে।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator