খবরটি শুনুন
অডিও সংস্করণ
অনুপম রায়, রাজগঞ্জ: দীর্ঘ চার বছর অপেক্ষার পর, আজ অপেক্ষার অবসান। আজ থেকে চালু হয়ে গেল গজলডোবার নতুন ঝুলন্ত সেতু (Ghajaldoba New Suspension Bridge)। এদিন সোমবার জলপাইগুড়ি (Jalpaiguri) জেলার বানারহাটে সরকারি সভা থেকে নবনির্মিত ঝুলন্ত সেতুর ভার্চুয়ালি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee)। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প ভোরের আলোর প্রবেশ পথে পর্যটকদের স্বাগত জানাতে সেজে উঠেছে এই সেতু। জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের গজলডোবায় তিস্তা নদীর কোলে ‘ভোরের আলো’ (Bhorer Alo) মেগা পর্যটন কেন্দ্র সাজানোর কাজ চলছে। যার মধ্যে হোম কটেজ, নৌকা বিহার রয়েছে। সেই সাথে গজলডোবার পর্যটন কেন্দ্রর মাত্রা আরও বাড়িয়ে তুলতে ঝুলন্ত সেতু তৈরি করার উদ্যোগ নিয়েছিল সরকার। এরই অঙ্গ হিসেবে তৈরি হয়েছে গজলডোবার এই ঝুলন্ত সেতু।আজ এই সেতুর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। আজ সেতুর উদ্বোধন হতেই প্রচুর মানুষ ভিড় জমান সেতু দেখতে এবং ছবি তুলতে। ইতিমধ্যেই এই সেতুকে ঘিরে পর্যটকদের আগ্রহ তৈরি হয়েছে। বহু পর্যটককে আজ এই সেতুর উপর দাঁড়িয়ে ছবি তুলতে দেখা যায়।
এই বিষয়ে চিফ ইঞ্জিনিয়ার অজিত কুমার সাহা জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি ভাবে আজ এই নতুন সেতুর উদ্বোধন করলেন। সিডনি হারবার ব্রিজের আদলে গজলডোবায় ঝুলন্ত সেতু তৈরি করা হয়েছে। চার বছর ধরে প্রায় ১০৯ কোটি টাকা ব্যয়ে এই সেতুটি তৈরি করা হয়েছে। আজ থেকে সর্ব সাধারণের জন্য খুলে দেওয়া হলো সেতুটি।
