‘পুলিশ ক্যামেরা দিয়ে চালান কাটে’,গুগল ম্যাপের নির্দিষ্ট ‘লোকেশনে’ এমন লেখা ঘিরে শোরগোল

Wednesday, March 19, 2025
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
অধুনা সময়ে অচেনা জায়গার পথ চিনে নেওয়ার জন্য অন্যতম মাধ্যম গুগল ম্যাপ। গুগল ম্যাপের সাহায্যে রাস্তাঘাট, পর্যটনকেন্দ্র, হাসপাতাল থেকে শুরু করে গন্তব্যের প্রায় সব তথ্যই পাওয়া যায়। কিন্তু সম্প্রতি পুন্ডিবাড়িতে এমন এক ঘটনা ঘটে গিয়েছে যা দেখে গুগল ম্যাপ ব্যবহারীদের চোখ কপালে উঠেছে। তাজ্জব হয়ে গিয়েছে পুলিশও। কারণ গুগলে ‘পুন্ডিবাড়ি’ লিখে সার্চ করলেই মোবাইল বা কম্পিউটারের স্ক্রিনে ফুটে উঠছে কোচবিহার-২ ব্লকের পুন্ডিবাড়ি গ্রামের ম্যাপ। এতদূর পর্যন্ত সব ঠিকই রয়েছে। তাহলে তাজ্জব হওয়ার মতো ঘটনা কোনটি? পুন্ডিবাড়ি চৌপথির যেখানে সবসময় পুলিশের নজরদারি থাকে, সেই নির্দিষ্ট জায়গাটি গুগল ম্যাপে লেখা রয়েছে, ‘পুলিশ ক্যামেরা দিয়ে চালান কাটে’।তবে গুগল ম্যাপে এমনটা কে লিখে রেখেছে তা পুলিশেরও অজানা। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই খোঁজখবর নেওয়া শুরু হয়েছে। ডেপুটি পুলিশ সুপার (ট্রাফিক) অঙ্কুর সিংহরায় এবিষয়ে বলেছেন, ‘এরকম তো জানা নেই। বিষয়টি নিয়ে এখনই খোঁজ নিচ্ছি।’ পুন্ডিবাড়ি থানার পুলিশও বিষয়টি খতিয়ে দেখছে।

জানা গিয়েছে, গুগল কর্তৃপক্ষের পাশাপাশি ব্যবহারকারীরাও এলাকার ম্যাপে নির্দিষ্ট জায়গার নাম নথিভুক্ত করতে পারেন। পরিচিতির জন্য বিভিন্ন কোম্পানি, দোকান, ক্লাব সহ বিভিন্ন প্রতিষ্ঠান ম্যাপে তাঁদের ‘লোকেশন’ দিয়ে রাখেন। যাতে সহজেই সেগুলি গুগলে খুঁজে পাওয়া যায়। ঠিক একই প্রক্রিয়ার মাধ্যমেই কেউ পুন্ডিবাড়ির নির্দিষ্ট লোকেশনে ‘পুলিশ ক্যামেরা দিয়ে চালান কাটে’ বলে লিখে রেখেছে।

ট্রাফিক পুলিশ সূত্রে খবর, প্রায় দেড় বছর ধরে কোচবিহার জেলাজুড়ে নিয়ম মেনে যানবাহন চালানোর ক্ষেত্রে অনেক কড়া পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। নিয়ম না মানলেই জরিমানা করা হচ্ছে। যানবাহনের নম্বর প্লেটের ছবি তুলে সরাসরি অনলাইন মাধ্যমে জরিমানার তথ্য পাঠিয়ে দেওয়া হচ্ছে। এর ফলে পথ সুরক্ষা অনেকটাই বেড়েছে বলেও পুলিশের দাবি।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator