রেল সফরে বাড়তি খরচ, ডিসেম্বরেই বাড়ছে ভাড়া মূল্য!

Sunday, December 21, 2025
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
ছবি: গ্রাফিক্স খবর বঙ্গ
বাড়ল দূরপাল্লার ট্রেনের টিকিটের দাম। রেলের পক্ষ থেকে টিকিটের নয়া হার প্রকাশ করা হয়েছে, যা আগামী ডিসেম্বর মাস থেকেই কার্যকর হতে চলেছে। জানা গিয়েছে, ভারতীয় রেলের এই নয়া সিদ্ধান্ত অনুযায়ী শহরতলি ট্রেনের ভাড়া বা মান্থলি টিকিটের দাম অপরিবর্তিত রাখা হলেও, দূরপাল্লার যাত্রীদের পকেট থেকে এবার বাড়তি টাকা খসবে। সূত্রের খবর, আগামী ২৬ ডিসেম্বর থেকে টিকিটের এই নতুন হার সারা দেশে লাগু হতে যাচ্ছে।

রেলের প্রকাশিত তথ্য অনুযায়ী, জেনারেল ক্লাসে সফরের প্রথম ২১৫ কিলোমিটার পর্যন্ত ভাড়ায় কোনো বদল আনা হয়নি। তবে ২১৫ কিলোমিটারের পরবর্তী পথ থেকে প্রতি কিলোমিটারে ১ পয়সা করে ভাড়া বৃদ্ধি করা হয়েছে। অন্যদিকে, মেল বা এক্সপ্রেস ট্রেনের নন-এসি কোচের ক্ষেত্রে প্রতি কিলোমিটারে ২ পয়সা ভাড়া বাড়ানো হয়েছে। একই হারে অর্থাৎ প্রতি কিলোমিটারে ২ পয়সা করে খরচ বেড়েছে শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) কোচের ক্ষেত্রেও। এর ফলে ৫০০ কিলোমিটারের একটি নন-এসি সফরের জন্য যাত্রীদের অতিরিক্ত ১০ টাকা গুনতে হবে। রেলের হিসেব অনুযায়ী, এই ভাড়া বৃদ্ধির ফলে দপ্তরের বার্ষিক আয় প্রায় ৬০০ কোটি টাকা বৃদ্ধি পাবে।

উল্লেখ্য, দেশের সিংহভাগ মানুষের যাতায়াতের প্রধান মাধ্যম হলো রেল। স্বাভাবিকভাবেই ভাড়া বৃদ্ধির এই সিদ্ধান্তে মধ্যবিত্তের ওপর বাড়তি চাপের সৃষ্টি হয়েছে। রেল কর্তৃপক্ষের দাবি, গত এক দশকে রেল পরিষেবা ও নেটওয়ার্কের ব্যাপক উন্নয়ন এবং জনবল বৃদ্ধির কারণেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এদিন রেলের পক্ষ থেকে টিকিটের সেই নয়া তালিকা আনুষ্ঠানিকভাবে সামনে আনা হয়।

প্রসঙ্গগত, এর আগে গত জুলাই মাসেও রেলের ভাড়া বৃদ্ধি পেয়েছিল। সে সময় মেল ও এক্সপ্রেস ট্রেনের নন-এসি কোচে প্রতি কিলোমিটারে ১ পয়সা এবং এসি কোচে ২ পয়সা করে ভাড়া বাড়ানো হয়েছিল। তবে তারও আগে ২০২০ সালে কোভিড পরিস্থিতি চলাকালীন ট্রেনের ভাড়া বৃদ্ধি করা হয়েছিল।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator