টাটানগর-এর্নাকুলাম এক্সপ্রেসের এসি কামরায় অগ্নিকাণ্ড, মৃত ১ যাত্রীর

Monday, December 29, 2025
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
ছবি সংগৃহীত
টাটানগর-এরনাকুলাম এক্সপ্রেসের দুটি বগিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে এক যাত্রীর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম থেকে ৬৬ কিলোমিটার দূরে ইয়ালামঞ্চিলি এলাকায়। সূত্রের খবর, গভীর রাতে ট্রেনের বি১ এবং এম২ কামরায় প্রথম আগুন লাগার বিষয়টি নজরে আসে। সেই সময় ওই দুই কামরায় মোট ১৫৮ জন যাত্রী সওয়ার ছিলেন। আগুন নেভানোর পর বি১ কোচ থেকে চন্দ্রশেখর সুন্দরম নামে ৭০ বছর বয়সী এক বৃদ্ধের দেহ উদ্ধার করা হয়। মৃত ওই যাত্রী বিজয়ওয়াড়ার বাসিন্দা ছিলেন বলে জানা যায়। ট্রেনটি তামিলনাড়ু ও কেরল অভিমুখে যাওয়ার পথেই এই দুর্ঘটনার কবলে পড়ে।

রেল সূত্রে খবর, ট্রেনের লোকো পাইলট প্রথম আগুন দেখতে পেয়েছিলেন। এরপরই তড়িঘড়ি নিকটবর্তী স্টেশনে ট্রেনটিকে থামিয়ে দমকলকে খবর দেওয়া হয়। তবে দমকল বাহিনী পৌঁছানোর আগেই কামরা দুটি পুড়ে ছাই হয়ে যায় এবং যাত্রীদের সমস্ত মালপত্র ভস্মীভূত হয়ে গিয়েছে। এই ঘটনার জেরে ক্ষতিগ্রস্ত কোচ দুটিকে ট্রেন থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়। পরে ওই যাত্রীদের অন্ধ্রপ্রদেশ সরকারের বাসে করে সমরলাকোটায় নিয়ে যাওয়া হয় এবং সেখানে ট্রেনের সঙ্গে নতুন কামরা সংযোজন করে যাত্রীদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা করিয়ে দেওয়া হয়।

এদিন পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, আগুনের প্রকৃত কারণ নির্ণয় করতে দুটি ফরেনসিক দল তদন্ত শুরু করেছে। প্যান্ট্রিকার লাগোয়া কামরা হওয়ার কারণে প্যান্ট্রি থেকে আগুন লেগেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে ব্রেক ওভারহিটিং থেকেও আগুন লাগার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ঘটনার খবর পেয়ে রেলের পদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছেন। এই দুর্ঘটনার জেরে বিজয়ওয়াড়া এবং বিশাখাপত্তনম রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে ব্যাহত হলেও বর্তমানে পরিষেবা স্বাভাবিক রাখার চেষ্টা চলছে।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator