রাজগঞ্জের বিডিও ‘নিখোঁজ’! পোস্টার পড়ল এলাকায়, পুলিশি নিষ্ক্রিয়তায় ক্ষোভ

Saturday, December 27, 2025
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
“রাজগঞ্জের বিডিও নিখোঁজ, সন্ধান চাই”—লেখা লিফলেট
দত্তাবাদে স্বর্ণব্যবসায়ীকে অপহরণ ও খুনের ঘটনায় নাম জড়িয়েছে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের। জানা গিয়েছে, আদালতের তরফে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলেও এখনও পর্যন্ত পুলিশ তাঁকে গ্রেপ্তার করতে পারেনি। উল্টে গত কয়েকদিন ধরে নিজের দপ্তরেও দেখা মিলছে না এই প্রশাসনিক আধিকারিকের। এই পরিস্থিতিতে এবার বিডিও প্রশান্ত বর্মনের নামে ‘নিখোঁজ’ পোস্টার পড়ল জলপাইগুড়ির বিভিন্ন এলাকায়।

সূত্রের খবর, গত প্রায় চার-পাঁচ দিন ধরে অফিসে আসছেন না বিডিও। আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার না করায় ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা। এই আবহে শনিবার রাজগঞ্জ বিডিও অফিসের সামনে অভিনব প্রতিবাদে সামিল হয় এসএফআই। এদিন সংগঠনের সদস্যরা অফিসের গেটের দুপাশে “রাজগঞ্জের বিডিও নিখোঁজ, সন্ধান চাই”—লেখা লিফলেট সাঁটিয়ে দেন। পাশাপাশি, পথচলতি সাধারণ মানুষ, টোটো ও বাইক আরোহীদের থামিয়েও লিফলেট বিলি করতে দেখা যায় তাঁদের।

এসএফআই-এর পক্ষ থেকে দিলদার মোহাম্মদ ক্ষোভ প্রকাশ করে জানান, কোনো গরিব মানুষ, ছাত্র কিংবা চাকরিপ্রার্থীরা নিজেদের দাবিতে আন্দোলন করলে পুলিশ তৎক্ষণাৎ সক্রিয় হয়ে ওঠে। তবে একজন খুনের দায়ে অভিযুক্ত আধিকারিককে গ্রেপ্তার করতে পুলিশের এত সময় লাগছে কেন? গ্রেপ্তারি পরোয়ানা জারির পরেও অভিযুক্তকে বাগে আনতে না পারা পুলিশের ব্যর্থতা বলেই দাবি করেছে ছাত্র সংগঠনটি।

স্থানীয়দের অভিযোগ, পুলিশ অভিযুক্তকে আড়াল করার চেষ্টা করছে এবং দীর্ঘ টালবাহানা করছে। প্রশাসনের নাকের ডগা থেকে বিডিওর এভাবে উধাও হয়ে যাওয়া এবং পুলিশের ভূমিকা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। অবিলম্বে অভিযুক্ত বিডিও প্রশান্ত বর্মনকে গ্রেপ্তারের দাবিতে সরব হয়েছেন রাজগঞ্জের সাধারণ মানুষ।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator