খবরটি শুনুন
অডিও সংস্করণ
ছত্তিশগড়: সোশ্যাল মিডিয়া বা ইনস্টাগ্রামের (Instagram) প্রেম যে এমন ভয়ানক রূপ নিতে পারে, তা হয়তো কেউ কল্পনাও করতে পারেনি। প্রেমিকার ফোন কল এবং মেসেজ ব্লক (Block) করার অপরাধে এক যুবককে নৃশংসভাবে খুনের অভিযোগ উঠল তাঁরই প্রেমিকের বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের বিলাসপুর (Bilaspur) এলাকায়। মঙ্গলবার দুপুরে এই হত্যাকাণ্ডের খবর জানাজানি হতেই গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
কী ঘটেছিল?
সূত্রের খবর, মৃত যুবকের নাম কামতা প্রসাদ সূর্যবংশী (২৫)। তিনি স্থানীয় একটি হোটেলে কর্মরত ছিলেন এবং বিলাসপুরে একটি ভাড়া বাড়িতে থাকতেন। জানা গিয়েছে, মাস ছয়েক আগে ইনস্টাগ্রামের মাধ্যমে তাঁর পরিচয় হয় ২২ বছর বয়সী রোজনি সূর্যবংশীর সাথে। সেখান থেকেই তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
কেন এই খুন?
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত দু-তিন দিন ধরে কামতা ও রোজনির মধ্যে সম্পর্কের টানাপোড়েন চলছিল। কামতা হঠাৎ করেই রোজনির ফোন নম্বর এবং মেসেজ ব্লক করে দেন। এতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন রোজনি। তাঁর মনে সন্দেহ দানা বাঁধে যে, কামতা হয়তো অন্য কোনো মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। এরপরই গতকাল অর্থাৎ মঙ্গলবার একটি ছুরি নিয়ে কামতার ঘরে পৌঁছান ওই যুবতী।
পুলিশি তদন্ত ও গ্রেফতার
বিলাসপুর পুলিশ আধিকারিক সুম্মত সাহু জানিয়েছেন, অভিযুক্ত যুবতীকে ইতিমধ্য়েই গ্রেফতার করা হয়েছে। পুলিশের দাবি, যুবতী কামতার ঘরে গিয়ে প্রথমে তাঁর ফোন দেখতে চান। এরপরই দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয় এবং রাগের মাথায় রোজনি ওই যুবকের বুকে ছুরি দিয়ে আঘাত করেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় কামতার। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, মৃত যুবক বিজেপি (BJP) নেতা তথা জেলা পঞ্চায়েত সভাপতি রাজেশ সূর্যবংশীর ভাইপো ছিলেন। বর্তমানে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ।
