শিলিগুড়ির ফুলবাড়ি ক্যাম্পে সিভিক ভলান্টিয়ারের মৃত্যু, উত্তপ্ত ১২ নং ব্যাটালিয়ন চত্বর

Monday, February 09, 2026
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
Civic Volunteer Death in Siliguri, Phulbari Training Camp, North Bengal News, Siliguri Police News, Pankaj Barman Death, Head of West Bengal Police, শিলিগুড়ি নিউজ, ফুলবাড়ি ক্যাম্প, সিভিক ভলান্টিয়ারের মৃত্যু।
শিলিগুড়ি: প্রশিক্ষন চলাকালীন শিলিগুড়ির ফুলবাড়িতে এক সিভিক ভলান্টিয়ারের মৃত্যু (Civic Volunteer Death) ঘিরে তীব্র উত্তেজনা ছড়াল। সোমবার সকালে উত্তরবঙ্গের ফুলবাড়ি ১২ নম্বর ব্যাটালিয়নের ট্রেনিং ক্যাম্পে এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো রণক্ষেত্রের চেহারা তৈরি হয়। সহকর্মীদের অভিযোগ, যথাযথ সময়ে চিকিৎসার ব্যবস্থা না করার কারণেই মৃত্যু হয়েছে ওই সিভিক ভলান্টিয়ারের।

সূত্রের খবর, মৃত সিভিক ভলান্টিয়ারের নাম পঙ্কজ বর্মন। তিনি কোচবিহার জেলার মাথাভাঙা থানায় কর্মরত ছিলেন। ফুলবাড়ির ১২ নং ব্যাটালিয়ন ক্যাম্পে ৬ দিনের একটি বিশেষ প্রশিক্ষণের জন্য তিনি এসেছিলেন। জানা গিয়েছে, রবিবার রাতে আচমকাই বুকে ব্যথা অনুভব করেন পঙ্কজ বাবু। সহকর্মীরা বুঝতে পারেন তিনি হৃদরোগে (Heart Attack) আক্রান্ত হয়েছেন। অভিযোগ, সেই সময় ক্যাম্পের দায়িত্বে থাকা সেন্ট্রি ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে দ্রুত চিকিৎসার আবেদন জানানো হলেও কোনও সদর্থক ভূমিকা নেওয়া হয়নি। বিনা চিকিৎসায় রবিবার রাতেই মৃত্যু হয় তাঁর।

এদিন সকালে পঙ্কজ বর্মনের মৃত্যুর খবর জানাজানি হতেই ফেটে পড়েন প্রশিক্ষণ নিতে আসা অন্যান্য সিভিক ভলান্টিয়াররা। তাঁদের দাবি, সঠিক সময়ে হাসপাতালে নিয়ে গেলে হয়তো প্রাণ বাঁচানো সম্ভব হতো। এই গাফিলতির প্রতিবাদে সোমবার সকাল থেকেই ক্যাম্পের ভিতর দফায় দফায় বিক্ষোভ চলে। যার জেরে ব্যাহত হয়েছে প্রশিক্ষণের কাজ। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় পুলিশ কর্তৃপক্ষকে।

ট্রেনিং ক্যাম্পের ভেতরে চিকিৎসার পরিকাঠামো নিয়ে এখন বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে। বিক্ষোভকারীদের দাবি, এই মৃত্যুর ঘটনার নিরপেক্ষ তদন্ত করতে হবে। সত্যিই কি সেখানে চিকিৎসার অভাব ছিল, নাকি কর্তব্যে গাফিলতি হয়েছে? তা খতিয়ে দেখছে পুলিশ।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator