খবরটি শুনুন
অডিও সংস্করণ
চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে জিম্বাবোয়ের (India vs Zimbabwe) বিরুদ্ধে দাপুটে পারফরম্যান্স দেখাল ভারতীয় দল। এদিন ব্যাট এবং বল— দুই বিভাগেই প্রতিপক্ষকে টেক্কা দিয়ে ৭২ রানে জয় ছিনিয়ে নিয়েছে ভারত। এই জয়ের ফলে টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) সেমিফাইনালের লড়াইয়ে আরও মজবুত অবস্থানে পৌঁছে গেল টিম ইন্ডিয়া। দক্ষিণ আফ্রিকার কাছে ওয়েস্ট ইন্ডিজের হারের খবর আসতেই আত্মবিশ্বাস বেড়ে গিয়েছিল সূর্যকুমার যাদবদের (Suryakumar Yadav), যার প্রতিফলন দেখা গেল মাঠের লড়াইয়ে। আগামী রবিবার কলকাতার ইডেন গার্ডেন্সে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটি কার্যত কোয়ার্টার ফাইনাল হতে চলেছে।
এদিন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। টপ অর্ডারে পরিবর্তন এনে ঈশান কিশনের জায়গায় অভিষেক শর্মার সঙ্গে ওপেনিংয়ে নামানো হয় সঞ্জু স্যামসনকে (Sanju Samson)। ডানহাতি-বাঁহাতি কম্বিনেশনের সুবিধা নিয়ে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ধরা দেন সঞ্জু। মাত্র ১৫ বলে ২৪ রান করে তিনি আউট হলেও দলকে একটি শক্ত ভিত গড়ে দেন। পাওয়ার প্লে-র ফায়দা তুলে মাত্র ৪ ওভারেই।
অন্য প্রান্তে অভিষেক শর্মা (Abhishek Sharma) শুরুতে কিছুটা সময় নিলেও পরে বিধ্বংসী মেজাজে ধরা দেন। ২৬ বলে নিজের অর্ধশতরান পূর্ণ করেন তিনি। শেষ পর্যন্ত ৩০ বলে ৫৫ রানের একটি ঝোড়ো ইনিংস খেলে প্যাভিলিয়নে ফেরেন এই তরুণ ওপেনার। এছাড়া ঈশান কিশন ৩৮ (২৪ বল) এবং অধিনায়ক সূর্যকুমার যাদব ৩৩ (১৩ বল) রান করে স্কোরবোর্ড সচল রাখেন।
ইনিংসের শেষে ঝড় তোলেন হার্দিক পাণ্ড্য (Hardic Pandya) এবং তিলক বর্মা। তাঁদের ৩১ বলে ৮৪ রানের বিধ্বংসী পার্টনারশিপ ভারতকে পৌঁছে দেয় পাহাড়প্রমাণ ২৫৬ রানে। হার্দিক ২৩ বলে অর্ধশতরান পূর্ণ করেন এবং তিলক ১৬ বলে ৪৪ রানে অপরাজিত থাকেন। এটি ভারতের টি-টোয়েন্টি ইতিহাসের সর্বোচ্চ স্কোর, যা ২০০৭ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে করা ২১৮ রানের রেকর্ডকে ছাপিয়ে গিয়েছে।
২৫৭ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে ছিল জিম্বাবোয়ে। যদিও পাওয়ার প্লে-তে তারা উইকেট হারায়নি, কিন্তু রানের গতি ছিল অত্যন্ত মন্থর। ভারতের হয়ে প্রথম সাফল্য আনেন স্পিনার অক্ষর পটেল (Axar Patel)। তিনি ২০ রানে ফেরান মারুমানিকে। এরপর বরুণ চক্রবর্তী ডিয়ন মেয়ার্সকে (৬) আউট করে ধাক্কা দেন।
জিম্বাবোয়ের হয়ে একাই লড়াই চালিয়ে যান ব্রায়ান বেনেট। তিনি ৩৪ বলে অর্ধশতরান পূর্ণ করেন এবং শেষ পর্যন্ত ৯৭ রানে অপরাজিত থাকেন। তবে অধিনায়ক সিকন্দর রাজাকে (৩১) এবং রায়ান বার্লকে (০) একই ওভারে ফিরিয়ে জিম্বাবোয়ের জয়ের আশা শেষ করে দেন অর্শদীপ সিংহ। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৮৪ রানেই থমকে যায় জিম্বাবোয়ের ইনিংস।
তবে এদিন বোলিংয়ে শিবম দুবের পারফরম্যান্স কিছুটা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। ২ ওভার বল করে তিনি খরচ করেন ৪৬ রান। শেষ পর্যন্ত ৭২ রানে ম্যাচ জিতে মাঠ ছাড়ে ভারত।
