খবরটি শুনুন
অডিও সংস্করণ
কলকাতা: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ফের সরগরম বাংলার রাজনীতি। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar) প্রকল্পে ভাতার পরিমাণ বৃদ্ধির ঘোষণা করেছে, অন্যদিকে পালটা হিসেবে ৩০০০ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
মমতা সরকারের ঘোষণা
বৃহস্পতিবার রাজ্যের অন্তর্বর্তী বাজেট পেশ করেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এদিন জানা গিয়েছে, রাজ্য মন্ত্রিসভার অনুমোদনের পর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ভাতার পরিমাণ ৫০০ টাকা বাড়ানো হয়েছে। সূত্রের খবর, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাস থেকে অসংরক্ষিত (General) ক্যাটাগরির মহিলারা প্রতি মাসে ১,৫০০ টাকা করে পাবেন। অন্যদিকে, তফশিলি জাতি (SC) ও উপজাতি (ST) ভুক্ত মহিলারা পাবেন ১,৭০০ টাকা। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, ভোটের আগে নারী ভোটব্যাঙ্ক সুনিশ্চিত করতেই এই ‘জনমোহিনী’ পদক্ষেপ নিয়েছে তৃণমূল সরকার।
শুভেন্দুর পাল্টা চ্যালেঞ্জ
তবে এই ঘোষণার কিছুক্ষণের মধ্যেই বিধানসভার বাইরে সরব হন শুভেন্দু অধিকারী। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি সাফ জানান, বিজেপি ক্ষমতায় এলে এই ভাতার পরিমাণ দ্বিগুণ করে দেওয়া হবে। তাঁর কথায়, "বিজেপি সরকার এলে ১লা জুনের আগেই মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে দেওয়া হবে।" তিনি আরও অভিযোগ করেন যে, আইপ্যাকের (I-PAC) পরামর্শে কেবল ভোট পাওয়ার লক্ষ্যেই এই টাকার পরিমাণ বাড়ানো হয়েছে।
শুভেন্দু অধিকারী এদিন প্রশ্ন তোলেন, "তৃণমূল গোয়াতে মহিলাদের ৫,০০০ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিলেও বাংলায় কেন ১,৫০০ টাকা দিচ্ছে?" তাঁর মতে, সিভিক ভলান্টিয়ার বা প্যারা টিচারদের ভাতা বৃদ্ধির বিষয়টি এপ্রিল পর্যন্ত রাখা হলেও লক্ষ্মীর ভাণ্ডারের টাকা রাজনৈতিক অসৎ উদ্দেশ্যেই মার্চেই অ্যাকাউন্টে ঢোকানোর পরিকল্পনা করা হয়েছে।
