খবরটি শুনুন
অডিও সংস্করণ
ময়নাগুড়ি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাধের প্রকল্প যুবসাথী (Yuvashree Scheme) নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করে বিতর্কে জড়ালেন ময়নাগুড়ির এক শাসক নেতা। যুবসাথীর টাকা পান বা গুটখা খাওয়ার পেছনে খরচ করার প্রচ্ছন্ন বার্তা দেওয়ার অভিযোগ উঠেছে ময়নাগুড়ি টাউন ব্লক সভাপতি বিশ্বজিৎ সেনের বিরুদ্ধে। এই সংক্রান্ত একটি ভিডিও (ভিডিওর সত্যতা যাচাই করেনি খবর বঙ্গ) সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই ময়নাগুড়ি জুড়ে রাজনৈতিক শোরগোল শুরু হয়েছে। সরব হয়েছে বিজেপি শিবির।
সূত্রের খবর, সম্প্রতি একটি কর্মী সভায় বক্তব্য রাখছিলেন ময়নাগুড়ি টাউন সভাপতি বিশ্বজিৎ সেন। সেখানেই তাঁকে বলতে শোনা যায়, বর্তমান প্রজন্মের যুব সমাজের একটি বড় অংশ পান, ঠান্ডা পানীয় বা গুটখা খাওয়ায় মাসে প্রায় হাজার টাকা খরচ করে। সেই টাকা যদি দিদির দেওয়া ‘যুবসাথী’ প্রকল্প থেকে আসে, তবে তারা খুশি হবে এবং শাসকদলের প্রতি সমর্থন নিশ্চিত হবে।
ভিডিওতে তাঁকে আরও বলতে শোনা গিয়েছে, “আজকালকার ইয়াং ছেলেরা বড় পার্সেন্টেজে পান-গুটখা খায়। ওদের ওটাতে হেল্প করতে হবে। তাদের যদি মাসে ১০০০ টাকাও খরচা হয়, সেই টাকা দিদি দেবে, ওরা খুশি হবে।” তাঁর মতে, যুব সমাজের ভোট কিছুটা নেতিবাচক দিকে ছিল, কিন্তু যুবসাথীর মাধ্যমে দিদি যে বড় বার্তা দিয়েছেন, তার ফসল ঘরে তুলতে হবে।
এই ভিডিও প্রকাশ্যে আসতেই ময়নাগুড়িতে BJP আক্রমণাত্মক মেজাজে ধরা দিয়েছে। গেরুয়া শিবিরের অভিযোগ, শাসকদল যুব সমাজকে গঠনমূলক কাজে উৎসাহ দেওয়ার বদলে সরকারি ভাতার টাকা দিয়ে বিভ্রান্ত করছে এবং ভুল পথে পরিচালিত করছে।
তবে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল যুব সভাপতির দাবি, এই ভিডিওটি বিজেপি আইটি সেল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তৈরি করে প্রচার করছে। সরকারি প্রকল্পের উদ্দেশ্যকে বিকৃতভাবে উপস্থাপন করে মানুষের কাছে ভুল বার্তা পৌঁছনোর চেষ্টা করা হচ্ছে বলেও দাবি তৃণমূলের।
