প্রয়াত মুকুল রায়, শোকাতুর বাংলার রাজনৈতিক মহল - Khabar Banga | খবর বঙ্গ! - Breaking News! Latest News in Bengali! Today News Jalpaiguri! প্রয়াত মুকুল রায়, শোকাতুর বাংলার রাজনৈতিক মহল

প্রয়াত মুকুল রায়, শোকাতুর বাংলার রাজনৈতিক মহল

Monday, February 23, 2026
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
মুকুল রায়ের মৃত্যু (Mukul Roy Death News), প্রবীণ নেতা মুকুল রায়, West Bengal Politics News, Mukul Roy Passed Away, বঙ্গ রাজনীতির চাণক্য, খবর বঙ্গ (Khabar Banga).
খবর বঙ্গ: দীর্ঘ লড়াইয়ের পর, না ফেরার দেশে পাড়ি দিলেন মুকুল রায়। প্রয়াত হলেন প্রবীণ রাজনীতিবিদ তথা বঙ্গ রাজনীতির এক সময়ের ‘চাণক্য’ মুকুল রায় (Mukul Roy)। রবিবার গভীর রাতে কলকাতার সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। দীর্ঘ দিন ধরে কিডনি জনিত সমস্যা সহ একাধিক বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি।

সূত্রের খবর, গতকাল অর্থাৎ রবিবার রাতে হাসপাতালেই হৃদ্‌রোগে আক্রান্ত হন তিনি। চিকিৎসকদের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ করে গভীর রাতে জীবনাবসান হয় এই বর্ষীয়ান নেতার। এদিন তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে আসে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বেশ কিছু দিন ধরেই তাঁর শারীরিক অবস্থা সংকটজনক ছিল।

মুকুল রায়ের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সমাজমাধ্যমে তিনি শোকবার্তায় জানান, "মুকুল রায়ের মৃত্যু বাংলার রাজনৈতিক ইতিহাসে একটি যুগের অবসান।" তৃণমূল কংগ্রেস গঠনের ক্ষেত্রে মুকুল রায়ের অবদানের কথা স্মরণ করে তাঁকে 'সংগঠন তৈরির কারিগর' হিসেবে অভিহিত করেছেন অভিষেক। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

জানা যায়, আজ দুপুর ১২টা নাগাদ মুকুল রায়ের মরদেহ পশ্চিমবঙ্গ বিধানসভায় (West Bengal Legislative Assembly) নিয়ে আসা হবে। সেখানে বিধানসভার অধ্যক্ষ ও অন্যান্য জনপ্রতিনিধিরা তাঁকে শেষ শ্রদ্ধা জানাবেন। এরপর মরদেহ নিয়ে যাওয়া হবে তাঁর দীর্ঘদিনের কর্মভূমি কাঁচরাপাড়ার বাড়িতে।