খবরটি শুনুন
অডিও সংস্করণ
খবর বঙ্গ, নিজস্ব প্রতিনিধি: মারণ ভাইরাস নিপার (Nipah Virus) সাথে দীর্ঘ দেড় মাসের মরণপণ লড়াই শেষে হার মানলেন পূর্ব বর্ধমানের কাটোয়ার সেই লড়াকু নার্স। বৃহস্পতিবার বিকেলে উত্তর ২৪ পরগনার বারাসতের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় ওই ২৫ বছর বয়সি তরুণীর। তাঁর এই অকাল প্রয়াণে চিকিৎসক মহল এবং স্বাস্থ্যকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
সূত্রের খবর, চলতি বছরের জানুয়ারি মাসের শুরুতেই রাজ্যে Nipah Virus infection-এর খবর প্রকাশ্যে এসেছিল। সেই সময় উত্তর ২৪ পরগনার একজন পুরুষ নার্স ও এই ফিমেল নার্স আক্রান্ত হন। ব্রাদার নার্স জানুয়ারির শেষ দিকে সুস্থ হয়ে বাড়ি ফিরলেও, তরুণী নার্সের অবস্থা ছিল অত্যন্ত আশঙ্কাজনক। জানা গিয়েছে, জানুয়ারির শেষ দিকে তাঁকে ভেন্টিলেশন থেকে বের করা হলেও তিনি দীর্ঘ সময় কোমায় আচ্ছন্ন ছিলেন। চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হয়েছিল, তাঁর অটোনোমিক নার্ভাস সিস্টেম (Autonomic Nervous System) বিকল হয়ে পড়েছিল।
হাসপাতাল সূত্রে জানা যায়, দীর্ঘ সময় ভেন্টিলেশন এবং কোমায় থাকার ফলে তাঁর রোগ প্রতিরোধ ক্ষমতা (Immunity) একেবারেই কমে গিয়েছিল। এরপরই তাঁর ফুসফুসে নতুন করে সংক্রমণ বা Nosocomial Infection দেখা দেয়। এদিন দুপুরে হঠাৎ করেই তাঁর শারীরিক অবস্থার চরম অবনতি ঘটে এবং বিকেল ৪টে ২০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পেশাগত দায়িত্ব পালন করতে গিয়েই তিনি এই মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন বলে মনে করা হচ্ছে। নিপা ভাইরাসের আতঙ্ক কাটিয়ে রাজ্য যখন স্বাভাবিক ছন্দে ফিরছিল, ঠিক তখনই গতকাল ও আজকের এই দুঃসংবাদে সাধারণ মানুষের মনে নতুন করে উদ্বেগ দানা বেঁধেছে।
