খবরটি শুনুন
অডিও সংস্করণ
নিজস্ব প্রতিনিধি, রাজগঞ্জ: পুলিশি হেফাজতে থাকাকালীন আত্মহত্যার চেষ্টা করলেন এক যুবক। মঙ্গলবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ থানায় (Rajganj Police Station)। চুরির অভিযোগে ধৃত ওই যুবকের এই আকস্মিক পদক্ষেপে হুলুস্থুলু পড়ে যায় থানা চত্বরে।
সূত্রের খবর, গত দু'দিন আগে চুরির মামলায় জড়িত থাকার অভিযোগে ২৭ বছর বয়সী প্রসেনজিৎ সরকারকে গ্রেফতার করেছিল বেলাকোবা ফাঁড়ির পুলিশ। ধৃত যুবকের বাড়ি বড় হলদিবাড়ি এলাকায়। পুলিশি সূত্রে জানা গিয়েছে, জলপাইগুড়ি জেলা আদালতে তোলার পর জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে নিজেদের হেফাজতে (Police Remand) নিয়েছিল পুলিশ। মঙ্গলবার সেই রিমান্ড চলাকালীন থানার লকআপের ভেতরেই আত্মহত্যার চেষ্টা করেন প্রসেনজিৎ।
জানা গিয়েছে, লকআপে থাকাকালীন তাঁকে দেওয়া কম্বলের একটি প্রান্ত ছিঁড়ে গলায় ফাঁস লাগানোর চেষ্টা করেন ওই যুবক। তবে বিষয়টি কর্তব্যরত পুলিশ কর্মীদের নজরে আসতেই তৎক্ষণাৎ তৎপরতা শুরু হয়। দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে (NBMC&H) নিয়ে যাওয়া হয়। চিকিৎসকদের দ্রুত হস্তক্ষেপে বর্তমানে ওই যুবক স্থিতিশীল রয়েছেন বলে জানা গিয়েছে।
এই ঘটনা প্রকাশ্যে আসতেই প্রশাসনিক মহলে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। জেলা পুলিশ সুপার ওয়াই রঘুবংশী (Y. Raghuvanshi) জানিয়েছেন, "অভিযুক্ত যুবক হাজতের ভেতরে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। কর্তব্যরত পুলিশকর্মীর নজরে আসতেই তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হয় এবং তাঁকে হাসপাতালে পাঠানো হয়। রাজগঞ্জ পুলিশ দ্রুত ও পেশাদারীভাবে পরিস্থিতি সামলেছে। অভিযুক্তের পরিবারের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে এবং তাঁর চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।"
