খবরটি শুনুন
অডিও সংস্করণ
নিজস্ব প্রতিনিধি, রাজগঞ্জ: রাজগঞ্জ ব্লকের বেলাকোবা সংলগ্ন মালিভিটা এলাকায় দানা বাঁধছে বাঘের আতঙ্ক। লোকালয় সংলগ্ন বাগানের মধ্যে একটি গরুকে ক্ষতবিক্ষত অবস্থায় উদ্ধার করাকে কেন্দ্র করে রীতিমতো ভীতি ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। স্থানীয় বাসিন্দাদের প্রাথমিক অনুমান, কোনও বন্য জন্তু বা সম্ভবত বাঘের হানাতেই এই ঘটনা ঘটেছে।
সূত্রের খবর, গত কয়েকদিন ধরেই রাজগঞ্জের মালিভিটা গ্রামের বাসিন্দারা চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। স্থানীয়দের দাবি, প্রায়শই বাড়ির কাছের বাগানগুলোতে অজানা এক বন্য প্রাণীকে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে। এমনকি গৃহপালিত পশু ও ছাগলকে তাড়া করার ঘটনাও সামনে এসেছে।
এদিন বাগানের ভেতর একটি গরুকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে চাঞ্চল্য আরও বৃদ্ধি পায়। গ্রামবাসীদের মতে, যে ধরনের জখম দেখা গিয়েছে, তা কোনও সাধারণ জন্তুর কাজ হতে পারে না। ফলে এলাকায় বাঘ ঢুকে পড়ার সম্ভাবনা জোরালো হচ্ছে। বর্তমান পরিস্থিতিতে এলাকা জুড়ে তীব্র ত্রাস সৃষ্টি হয়েছে। এই ঘটনার পর গ্রামবাসীরা অতি শীঘ্রই বেলাকোবা বনদপ্তরকে খাঁচা পেতে ওই বন্য জন্তুটিকে ধরার জন্য জোরালো অনুরোধ জানিয়েছেন। অন্ধকার নামলেই গ্রামবাসীরা এখন ঘরের বাইরে বেরোতে ভয় পাচ্ছেন।
উল্লেখ্য, কিছুদিন আগেই এই এলাকার খুব কাছেই শিকারপুর থেকে একটি পূর্ণবয়স্ক বাঘ খাঁচাবন্দি করেছিল বনদপ্তর। সেই স্মৃতি টাটকা থাকতেই মালিভিটার এই ঘটনায় ফের বাঘের উপস্থিতির জল্পনা তুঙ্গে উঠেছে। তবে এটি বাঘ নাকি অন্য কোনও বন্য প্রাণী, তা বনদপ্তরের তদন্তের পরই স্পষ্ট হবে।
এই বিষয়ে বেলাকোবা রেঞ্জের রেঞ্জার রাজকুমার পাল জানান, ঘটনাটি স্থানীয় মানুষজন আমাদেরকে জানায়। এরপর বন দপ্তরের কর্মী আধিকারিকরা ঘটনাস্থল পরিদর্শন করে এসেছেন। বনবিভাগের নিয়ম অনুযায়ী ক্ষতিগ্রস্ত পরিবার গরুটির ক্ষতিপূরণ পাবেন। খাঁচা পাতার প্রসঙ্গে তিনি বলেন বিষয়টি সমীক্ষা করে দেখছে বন দপ্তর।

