সরকারি অনুষ্ঠানে 'বন্দে মাতরম' বাধ্যতামূলক, কেন্দ্রের নয়া নির্দেশিকা

Wednesday, February 11, 2026
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
Vande Mataram, MHA Notification, Government Functions, National Song India, Central Government Order, সরকারি অনুষ্ঠানে বন্দে মাতরম, স্বরাষ্ট্র মন্ত্রক নির্দেশিকা, খবর বঙ্গ।
খবর বঙ্গ ডেস্ক: দেশের সমস্ত সরকারি অনুষ্ঠানে এবার থেকে 'বন্দে মাতরম' (Vande Mataram) গাওয়া বাধ্যতামূলক করা হয়েছে। এই মর্মে সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক (Ministry of Home Affairs)। জানা গিয়েছে, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই নির্দেশিকা ইতিমধ্যেই দেশের সমস্ত রাজ্য সরকারের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। নয়া এই নিয়ম অনুযায়ী, জাতীয় সঙ্গীত 'জন গণ মন'-র ঠিক আগেই সমবেত কণ্ঠে জাতীয় গান 'বন্দে মাতরম' গাওয়া বাধ্যতামূলক করা হয়েছে এবং এই ক্ষেত্রে গানের প্রথম ৬টি স্তবকই পরিবেশন করতে হবে।

সূত্রের খবর, জাতীয় পতাকা উত্তোলন কিংবা বিশেষ কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানের সময় কোরাসে এই গান গাওয়া যাবে। এছাড়া রাষ্ট্রপতির উপস্থিতিতে কোনো সরকারি বা সাধারণ অনুষ্ঠানে এবং মন্ত্রীদের উপস্থিতিতে হওয়া যে কোনো তাৎপর্যপূর্ণ কর্মসূচিতে উপযুক্ত মর্যাদার সঙ্গে 'বন্দে মাতরম' গাইতে হবে। এদিন বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে যে, দেশের সমস্ত স্কুল শুরু হওয়ার আগে সমবেত কণ্ঠে এই গান গাওয়া যেতে পারে। মূলত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত এই গানের সার্ধ শতবর্ষ উপলক্ষে দেশজুড়ে দেশপ্রেমের ভাবনা ছড়িয়ে দিতেই মোদি সরকার এই উদ্যোগ গ্রহণ করেছে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে যে, জাতীয় গান 'বন্দে মাতরম' চলাকালীন দর্শকদের দাঁড়িয়ে সম্মান জানানো বাধ্যতামূলক। গানের প্রতি যথাযথ মর্যাদা ও শালীনতা বজায় রাখতেই এই নির্দেশিকা দেওয়া হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, সমস্ত সরকারি অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত পরিবেশনের পরেই বাজাতে হবে 'বন্দে মাতরম'। বিশেষ করে রাষ্ট্রপতি যখন কোনো অনুষ্ঠানে উপস্থিত হবেন, তখন তাঁর আসা ও যাওয়ার সময় এই গান পরিবেশন করতে হবে। এছাড়া পদ্ম পুরস্কারের মতো অসামরিক বা নাগরিক সম্মান প্রদান অনুষ্ঠানেও এই গান বাজানো বাধ্যতামূলক করা হয়েছে। তবে সিনেমা হলের ক্ষেত্রে এই গান বাজানো বাধ্যতামূলক নয় বলেই জানানো হয়েছে।

উল্লেখ্য, ১৯৩৭ সালে কংগ্রেস আমলে 'বন্দে মাতরম' গানের শেষ চারটি স্তবক বাদ দেওয়া হয়েছিল, তবে এবার থেকে ৬টি স্তবকই গাইতে হবে বলে রাজ্যগুলিকে পাঠানো নির্দেশিকায় জানানো হয়েছে। মূলত দেশবাসীর মধ্যে দেশপ্রেমের বোধ জাগ্রত করা এবং জাতীয় শৃঙ্খলার প্রতি শ্রদ্ধা বাড়ানোই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের এই সিদ্ধান্তের প্রধান লক্ষ্য।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator