খবরটি শুনুন
অডিও সংস্করণ
কলকাতা: ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন (West Bengal Elections 2026) দোরগোড়ায়। আর ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজ্যে বড়সড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। জানা গিয়েছে, আগামী মার্চ মাস থেকেই ধাপে ধাপে বাংলায় আসতে শুরু করছে কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী (Central Armed Police Force)। সব মিলিয়ে মোট ৪৮০ কোম্পানি বাহিনী মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে। এই মর্মে ইতিমধ্যেই নয়াদিল্লি থেকে রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং রাজ্য পুলিশের ডিজি-কে চিঠি পাঠানো হয়েছে।
সূত্রের খবর, ভোটারদের মনে আস্থা জাগানো (Confidence Building Measures), এলাকাভিত্তিক টহলদারি, ইলেকট্রনিক ভোটযন্ত্র (EVM) পাহারা এবং গণনাকেন্দ্রের নিরাপত্তা সুনিশ্চিত করতেই এই বিপুল সংখ্যক বাহিনী পাঠানো হচ্ছে। চিঠিতে স্পষ্ট জানানো হয়েছে, স্পর্শকাতর এলাকাগুলিতে শান্তি বজায় রাখাই মূল লক্ষ্য।
কেন্দ্রীয় নির্দেশিকা অনুযায়ী, দুই দফায় এই বাহিনী রাজ্যে প্রবেশ করবে:
প্রথম দফা (১ মার্চ): এদিন ২৪০ কোম্পানি বাহিনী আসবে। যার মধ্যে CRPF ১১০, BSF ৫৫, CISF ২১, ITBP ২৭ এবং SSB-র ২৭ কোম্পানি থাকবে।
দ্বিতীয় দফা (১০ মার্চ): এই পর্যায়ে আরও ২৪০ কোম্পানি বাহিনী মোতায়েন করা হবে। এর মধ্যে থাকবে CRPF ১২০, BSF ৬৫, CISF ১৬, ITBP ২০ এবং SSB-র ১৯ কোম্পানি।
সব মিলিয়ে মোট ৪৮০ কোম্পানি বাহিনী প্রাথমিক পর্যায়ে রাজ্যের দায়িত্ব নেবে। তবে নির্বাচন শেষ হওয়ার পর বাহিনী প্রত্যাহারের সময়সূচি পরে জানানো হবে বলে জানা গিয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে রাজ্য সরকারকে (State Govt) দ্রুত মোতায়েন পরিকল্পনা বা 'Deployment Plan' তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিটি কোম্পানিতে আটটি করে বিভাগ থাকবে, যার মধ্যে ছয়টি সরাসরি ভোটকেন্দ্রের দায়িত্বে থাকবে। বাকি দুটির মধ্যে একটি 'কুইক রেসপন্স টিম' (QRT) এবং অন্যটি তদারকির কাজে ব্যবহার করা হবে।
আগামী ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার কথা। ঠিক তার পরদিন অর্থাৎ ১ মার্চ থেকেই বাহিনী আসা শুরু হচ্ছে, যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে প্রায় হাজার কোম্পানি বাহিনী ছিল, তবে এবার কত দফায় ভোট হয় এবং মোট কত বাহিনী লাগে, সেটাই এখন দেখার।
