খবরটি শুনুন
অডিও সংস্করণ
কলকাতা: সামনেই নির্বাচন, আর তার আগেই ফের একবার খবরের শিরোনামে গাড়ির 'রিক্যুইজিশন' (Car Requisition) ইস্যু। এবার খোদ পুলিশি বাধার মুখে পড়লেন টলিউড অভিনেতা অরিত্র দত্ত বণিক (Aritra Dutta Banik)। সোমবার সকালে শুটিংয়ে যাওয়ার পথে তাঁকে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে গাড়ি নেওয়ার নোটিশ ধরানো হয় বলে অভিযোগ। আর এই ঘটনাকে কেন্দ্র করেই ছড়াল তীব্র চাঞ্চল্য।
সূত্রের খবর, এদিন সকালে ডানলপ রথতলা মোড়ে অরিত্রর গাড়ি থামায় ট্রাফিক পুলিশ। অভিযোগ, আসন্ন বিধানসভা নির্বাচনের (Assembly Election 2026) ডিউটির জন্য তাঁর ব্যক্তিগত গাড়িটি রিক্যুইজিশন করতে চায় পুলিশ। তবে অভিনেতা স্পষ্ট জানিয়ে দেন, আইন অনুযায়ী কোনো অনুমতি ছাড়া ব্যক্তিগত গাড়ি এভাবে নেওয়া যায় না।
জানা গিয়েছে, ঘটনার সময় পুলিশকর্মীদের সঙ্গে আইনি তর্কে জড়িয়ে পড়েন অভিনেতা। অরিত্রর দাবি, মোটর ভেহিকেল অ্যাক্ট (Motor Vehicles Act) অনুযায়ী ব্যক্তিগত গাড়ি কখনোই কমার্শিয়াল বা ভাড়ার কাজে ব্যবহার করা যায় না। এ ছাড়াও, RP Act-এর ১৬০ (২) ধারা উল্লেখ করে তিনি জানান, জেলা নির্বাচন আধিকারিকের লিখিত নির্দেশ ছাড়া কোনোভাবেই সাধারণ নাগরিকের ব্যক্তিগত গাড়ি রিক্যুইজিশন করা সম্ভব নয়। নিয়ম অনুযায়ী, এই ধরনের অর্ডার রেজিস্টার্ড পোস্ট বা ব্যক্তিগতভাবে বাড়িতে পাঠানোর কথা, মাঝরাস্তায় গাড়ি থামিয়ে নয়।
পুলিশের এই পদক্ষেপের বিরুদ্ধে সরব হয়ে অভিনেতা সমাজমাধ্যমে একটি ভিডিও শেয়ার করেন, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। সেখানে দেখা যায়, আইনি যুক্তি দেওয়ার পর শেষ পর্যন্ত পুলিশ তাঁর গাড়িটি ছেড়ে দিতে বাধ্য হয়। এই ঘটনা প্রসঙ্গে অরিত্র সাধারণ মানুষকে সচেতন হওয়ার বার্তা দিয়েছেন এবং পুলিশের এই ধরনের 'জোরজুলুম' প্রতিরোধের আহ্বান জানিয়েছেন।
