খবরটি শুনুন
অডিও সংস্করণ
ফের একবার পাকিস্তানে ‘টার্গেট কিলিং’-এর শিকার লস্কর-ই-তৈবার (Lashkar-e-Taiba) এক শীর্ষ স্তরের কমান্ডার। জানা গিয়েছে, পাকিস্তানের মুরিদকে এলাকায় লস্করের প্রধান সদর দপ্তর ‘মরকজ তৈবা’-তে (Markaz Taiba) ঢুকে কুপিয়ে ও গুলি করে খুন করা হয়েছে লস্কর কমান্ডার বিলাল আরিফ সালাফি-কে (Bilal Arif Salafi)।
বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে খবর, ইদের নমাজ শেষ হওয়ার ঠিক পরেই এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। এদিন নমাজ সেরে বেরোনোর সময় আচমকাই অজানা আগন্তুকরা তাঁর ওপর চড়াও হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রথমে তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয় এবং পরবর্তীতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে হামলাকারীরা। তবে এই হামলার নেপথ্যে কে বা কারা রয়েছে, তা এখনও জানা যায়নি।
ইতিমধ্যেই এই হামলার ঠিক পরের মুহূর্তের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে, হামলার পর লস্কর হেড কোয়ার্টার চত্বরে তীব্র আতঙ্ক ও হুড়োহুড়ি শুরু হয়। মাটির ওপর রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় সালাফিকে। মৃত বিলাল আরিফ সালাফি লস্কর-ই-তৈবার অত্যন্ত প্রভাবশালী ও উচ্চপদস্থ কমান্ডার ছিল বলে জানা যায়।
