খবরটি শুনুন
অডিও সংস্করণ
২০২৬ বিধানসভা নির্বাচনের দামামা বাজতেই তপ্ত উত্তরবঙ্গ। প্রার্থী তালিকা (Candidate List) ঘোষণা হতেই ক্ষোভে ফেটে পড়লেন বিজেপির (BJP) একাংশ কর্মী-সমর্থক। বৃহস্পতিবার মাল বিধানসভা কেন্দ্রে প্রার্থী হিসেবে শুকুরা মুন্ডার নাম ঘোষণা হতেই উত্তাল হয়ে ওঠে মালবাজার এলাকা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন প্রার্থী হিসেবে শুকুরা মুন্ডার নাম সামনে আসতেই চরম অসন্তোষ তৈরি হয় দলের অন্দরে। ক্ষুব্ধ কর্মীরা রাজপথে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তবে বিক্ষোভের আঁচ মুহূর্তের মধ্যে চরম আকার ধারণ করে। অভিযোগ, একদল উত্তেজিত কর্মী মালবাজারের বিজেপি পার্টি অফিসে (BJP Party Office) ব্যাপক ভাঙচুর চালায়। শুধু তাই নয়, কার্যালয়ের ভেতরে ও বাইরে থাকা একাধিক পোস্টার ও ব্যানার ছিঁড়ে তাতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এমনকি প্রধানমন্ত্রীর ছবি সংবলিত ব্যানারও সেই আগুনের গ্রাসে পড়ে বলে জানা গিয়েছে।
ঘটনার খবর পাওয়া মাত্রই এলাকায় পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। সূত্রের খবর, প্রার্থী নির্বাচন নিয়ে দলের অন্দরে দীর্ঘদিন ধরেই চাপা উত্তেজনা ছিল, যা এদিন প্রকাশ্যে চলে আসে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। তবে শেষ পাওয়া খবর পর্যন্ত, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি।
