বিধানসভা ভোটের আগে বাংলায় মোদির মেগা উপহার! ১৮,৮৬০ কোটির রেল ও হাইওয়ে প্রকল্পের শিলান্যাস - Khabar Banga | খবর বঙ্গ! - Breaking News! Latest News in Bengali! Today News Jalpaiguri! বিধানসভা ভোটের আগে বাংলায় মোদির মেগা উপহার! ১৮,৮৬০ কোটির রেল ও হাইওয়ে প্রকল্পের শিলান্যাস

বিধানসভা ভোটের আগে বাংলায় মোদির মেগা উপহার! ১৮,৮৬০ কোটির রেল ও হাইওয়ে প্রকল্পের শিলান্যাস

Saturday, March 14, 2026
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
PM Narendra Modi West Bengal Visit, PM Modi Brigade Parade Ground, West Bengal Railway Projects, National Highway Projects West Bengal, Amrit Bharat Station Scheme WB, Khabar Banga News.
কলকাতা: আসন্ন বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2026) প্রাক্কালে পশ্চিমবঙ্গবাসীকে বড় উপহার দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। শনিবার কলকাতার ব্রিগেডের সরকারি মঞ্চ থেকে প্রায় ১৮,৮৬০ কোটি টাকার একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন তিনি। এদিন প্রধানমন্ত্রীর নিশানায় ছিল মূলত বাংলার যোগাযোগ ব্যবস্থার আধুনিকীকরণ।

জানা গিয়েছে, এদিন প্রধানমন্ত্রী ৪২০ কিলোমিটারেরও বেশি দৈর্ঘ্যের একাধিক জাতীয় সড়ক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। এই সড়ক প্রকল্পগুলির সম্মিলিত ব্যয় ধরা হয়েছে প্রায় ১৬,৯৯০ কোটি টাকা। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ১৯ নম্বর জাতীয় সড়কের পানাগড়-পালসিট (৬৮ কিমি) এবং বারওয়া আড্ডা-পানাগড় (১১৫ কিমি) পর্যন্ত ৬ লেনের রাস্তা। এদিন ১১৪ নম্বর জাতীয় সড়কের ভেদিয়াতে ৪ লেনের আরওবি এবং ইছামতী নদীর ওপর স্বরূপনগর ব্রিজেরও উদ্বোধন করা হয়।

সূত্রের খবর, ভারতীয় রেলকে আধুনিক করার লক্ষ্যে পশ্চিমবঙ্গ যাতে পিছিয়ে না থাকে, সেই বার্তাই দিয়েছেন প্রধানমন্ত্রী। অমৃত ভারত স্টেশন প্রকল্পের (Amrit Bharat Station Scheme) অধীনে বাংলার ৬টি স্টেশন— আনারা, তমলুক, হলদিয়া, বরাভূম, সিউড়ি এবং কামাখ্যাগুড়ির আধুনিকীকরণের সূচনা হয়েছে। পাশাপাশি যাত্রীদের সুবিধার্থে চালু করা হয়েছে পুরুলিয়া-আনন্দ বিহার টার্মিনাল এক্সপ্রেস।

রেল ও সড়কের পাশাপাশি জলপথ পরিবহণেও বিশেষ জোর দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর মতে, পূর্ব ভারতের ‘লজিস্টিক সিস্টেম’ উন্নত করতে হলদিয়া ও কলকাতা ডক কমপ্লেক্সের সংস্কার অত্যন্ত জরুরি। তবে কেবল উদ্বোধন নয়, হলদিয়া ডক কমপ্লেক্সের ৫ নম্বর বার্থের সংস্কার এবং ২ নম্বর বার্থের যান্ত্রিকীকরণের কাজও এদিন শুরু হয়েছে। খিদিরপুর ডক সংস্কারের পাশাপাশি কংসাবতী ও শিলাবতী নদীর ওপর নতুন ব্রিজ এবং হাওড়া ব্রিজের তট সুরক্ষার মতো প্রকল্পেরও শিলান্যাস সম্পন্ন হয়েছে।

গতকাল থেকেই মোদির এই সফর ঘিরে পারদ চড়ছিল। এদিন রেসকোর্সের হেলিপ্যাড থেকে সড়কপথে ব্রিগেডে পৌঁছান তিনি। মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রধানমন্ত্রীর হাতে গৌর-নিতাইয়ের মূর্তি তুলে দিয়ে তাঁকে স্বাগত জানান। শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার ও শমীক ভট্টাচার্যদের শুভেচ্ছা জানিয়ে ভাষণ শুরু করেন মোদি। সরকারি অনুষ্ঠান শেষে রাজনৈতিক মঞ্চ থেকে কর্মীদের উদ্দেশ্যে কী বার্তা দেন তিনি, এখন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।