খবরটি শুনুন
অডিও সংস্করণ
খবর বঙ্গ ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশে গরুপাচার (Cattle Smuggling) রুখতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়লেন এক স্বঘোষিত গোরক্ষক। শনিবার ভোরে দিল্লি-আগ্রা হাইওয়েতে (Delhi-Agra Highway) ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয়েছে ‘ফরসাওয়ালে বাবা’ ওরফে চন্দ্রশেখরের। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে সংশ্লিষ্ট এলাকা। মৃত চন্দ্রশেখর এলাকায় গোরক্ষক হিসেবেই পরিচিত ছিলেন।
সূত্রের খবর, শুক্রবার রাতে চন্দ্রশেখরের কাছে খবর আসে যে একটি ট্রাকে করে গরু পাচার করা হচ্ছে। সেই তথ্যের ভিত্তিতেই নিজের দলবল নিয়ে নজরদারি শুরু করেন তিনি। এদিন অর্থাৎ শনিবার ভোরে কুয়াশার সুযোগ নিয়ে একটি সন্দেহভাজন ট্রাককে বাইক নিয়ে ধাওয়া করেন তিনি। অভিযোগ, সেই সময়ই ট্রাকটি তাঁকে পিষ্ট করে দিয়ে বেরিয়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।
এই ঘটনার পর দিল্লি-আগ্রা হাইওয়েতে ব্যাপক উত্তেজনা ছড়ায়। স্থানীয় বাসিন্দারা দীর্ঘক্ষণ রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরে পুলিশের বিশাল বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ট্রাকটি ইচ্ছাকৃতভাবে ধাক্কা মেরেছে বলে প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে। চালক পলাতক হলেও এই ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে ইতিমধ্যে গ্রেপ্তার (Arrested) করা হয়েছে। ট্রাকে সত্যিই গরু পাচার হচ্ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
এই মর্মান্তিক ঘটনা নিয়ে মুখ খুলেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) এবং সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ শোকপ্রকাশের পাশাপাশি আশ্বাস দিয়েছেন যে, দোষীদের বিরুদ্ধে কঠোরতম আইনি ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে, এই ঘটনাকে হাতিয়ার করে রাজ্যের আইনশৃঙ্খলা (Law and Order) পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন অখিলেশ যাদব।
