খবরটি শুনুন
অডিও সংস্করণ
শিলিগুড়ি: লোকসভা ও বিধানসভা নির্বাচনে শিলিগুড়ি মহকুমা এলাকায় আশানুরূপ ফল না মেলায় এবার সরাসরি শহরবাসীর কাছে বড় বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সোমবার বিকেলে শিলিগুড়ির (Siliguri) তরাই তারাপদ আদর্শ বিদ্যালয়ের মাঠে আয়োজিত একটি নির্বাচনী জনসভা থেকে তিনি স্পষ্ট জানান, দলীয় প্রার্থী গৌতম দেব-কে (Gautam Deb) জয়ী করলে এই শহরের প্রশাসনিক নিয়ন্ত্রণের দায়িত্ব তিনি নিজের হাতে তুলে নেবেন। মূলত শিলিগুড়ির মানুষের মন জয় করতেই এদিন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের গলায় এই বিশেষ আশ্বাস শোনা গিয়েছে বলে মনে করা হচ্ছে।
এদিনের এই মেগা জনসভা থেকে গৌতম দেব ছাড়াও মাটিগাড়া-নকশালবাড়ি কেন্দ্রের প্রার্থী শঙ্কর মালাকার এবং ফাঁসিদেওয়া কেন্দ্রের প্রার্থী রীনা এক্কা টোপো-র সমর্থনে জোরদার প্রচার চালান অভিষেক। সভা থেকে আক্রমণের সুর চড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi), শিলিগুড়ির বিদায়ী বিধায়ক শঙ্কর ঘোষ (Shankar Ghosh) এবং সাংসদ রাজু বিষ্ট (Raju Bista)-কে তীব্র কটাক্ষ করেন তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, বিদায়ী জনপ্রতিনিধিরা এলাকার উন্নয়নে ব্যর্থ। একইসঙ্গে প্রবীণ সিপিএম নেতা অশোক ভট্টাচার্যের নাম টেনে তিনি দাবি করেন, বামেদের ভোট বিজেপির দিকে সরে যাওয়ার কারণেই গেরুয়া শিবিরের শক্তিবৃদ্ধি হয়েছে।
তবে শুধুমাত্র বিরোধীদের আক্রমণ নয়, এদিন উত্তরবঙ্গের এই গুরুত্বপূর্ণ শহরের জন্য একগুচ্ছ উন্নয়নের প্রতিশ্রুতিও দিয়েছেন অভিষেক। সূত্রের খবর, তিনি স্পষ্ট জানিয়েছেন যে শিলিগুড়ি পুরনিগমকে (Siliguri Municipal Corporation) নতুন করে ঢেলে সাজানো হবে। নাগরিক পরিষেবা উন্নত করার পাশাপাশি শহরের দীর্ঘদিনের মাথাব্যথার কারণ যানজট সমস্যার স্থায়ী সমাধান করার আশ্বাসও দিয়েছেন তিনি। এদিন সরাসরি বিজেপির বিরুদ্ধে তোপ দেগে অভিষেক বলেন, যদি বিজেপি টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করে, তবে সাধারণ মানুষ যেন সেই ‘পদ্মফুলের টাকা’ নিয়ে ‘জোড়াফুলে ভোট’ দেন। সোমবারের এই জনসভাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।
