খবরটি শুনুন
অডিও সংস্করণ
ডিজিটাল ডেস্ক: আবারও এক আতঙ্কের শুক্রবার সাক্ষী থাকল দেশবাসী। এদিন সন্ধ্যা নাগাদ কেঁপে উঠল নয়া দিল্লি সহ উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকা। জানা গিয়েছে, শুক্রবার দিল্লি-এনসিআর (Delhi-NCR) সংস্থালগ্ন অঞ্চলে তীব্র ভূমিকম্প অনুভূত হয়েছে। কম্পন অনুভূত হতেই প্রাণভয়ে ঘরবাড়ি ও অফিস ছেড়ে বাসিন্দারা হুড়মুড়িয়ে রাস্তায় বেরিয়ে আসেন।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (NCS) সূত্রে খবর, ভারতীয় সময় সন্ধ্যা ৭টা ৪৯ মিনিট নাগাদ এই কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৩.৭। জানা গিয়েছে, এই কম্পনের উপকেন্দ্র ছিল প্রতিবেশী রাজ্য হরিয়ানার ঝাজ্জর (Jhajjar)। আধিকারিকরা জানিয়েছেন, ভূমিকম্পটির উৎসস্থল ছিল ভূগর্ভের প্রায় ১০ কিলোমিটার গভীরে। যার অবস্থান অক্ষাংশ ২৮.৬৮° উত্তর এবং দ্রাঘিমাংশ ৭৬.৭২° পূর্ব।
উল্লেখ্য, গতকাল অর্থাৎ বৃহস্পতিবারও কেঁপে উঠেছিল হরিয়ানা। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এদিন ফের কম্পন অনুভূত হওয়ায় সাধারণ মানুষের মধ্যে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। তবে স্বস্তির খবর এই যে, এখন পর্যন্ত কোনো বড়সড় ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, দিল্লি সিসমিক জোন-৪ এর অন্তর্ভুক্ত হওয়ায় এই অঞ্চলটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। গত দুদিনের টানা কম্পনে নয়ডা এবং গুরুগ্রামের বাসিন্দাদের মধ্যেও আতঙ্ক দানা বেঁধেছে।
