খবরটি শুনুন
অডিও সংস্করণ
খবর বঙ্গ ডিজিটাল ডেস্ক: সপ্তাহের শুরুতেই ছত্তীসগঢ়ে (Chhattisgarh) ঘটে গেল এক মর্মান্তিক বিমান দুর্ঘটনা। সোমবার দুপুরে জশপুর জেলায় একটি বেসরকারি বিমান (Private Aircraft) পাহাড়ের গায়ে ধাক্কা খেয়ে আছড়ে পড়ে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এবং বেশ কয়েকজনের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।
সূত্রের খবর, জশপুর-নারায়ণপুর (Jashpur-Narayanpur) অঞ্চলের একটি পাহাড়ি ও ঘন জঙ্গল ঘেরা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটেছে। প্রত্যক্ষদর্শীদের দাবি অনুযায়ী, ওড়ার সময় বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বড় গাছে ধাক্কা মারে। এরপরই সেটি পাহাড়ের ঢালে আছড়ে পড়ে এবং তাতে আগুন ধরে যায়। এদিন দুর্ঘটনাস্থল থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী ও আগুনের লেলিহান শিখা বের হতে দেখা যায়। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে (সত্যতা যাচাই করেনি খবর বঙ্গ) ধ্বংসলীলার ভয়াবহ ছবি ধরা পড়েছে।
জানা গিয়েছে, ঘটনার খবর পাওয়া মাত্রই জশপুর জেলা পুলিশ এবং স্থানীয় প্রশাসনের একটি প্রতিনিধি দল উদ্ধারকাজের উদ্দেশ্যে দুর্ঘটনাস্থলে রওনা দিয়েছে। তবে গতকাল পর্যন্ত আবহাওয়ার গতিপ্রকৃতি এবং জঙ্গলের দুর্গম পরিবেশের কারণে কাজে বেগ পেতে হচ্ছে। সংশ্লিষ্ট বিমানটিতে ঠিক কতজন যাত্রী ছিলেন বা চালকের বর্তমান অবস্থা কী, সেই বিষয়ে এখনও পর্যন্ত প্রশাসনিকভাবে সঠিক কোনো তথ্য মেলেনি। পুরো বিষয়টি নিয়ে একটি উচ্চপর্যায়ের তদন্ত শুরু হতে পারে বলে জানা গিয়েছে।
