খবরটি শুনুন
অডিও সংস্করণ
খবর বঙ্গ, বিনোদন ডেস্ক: বড়সড় ধাক্কা খেল ভারতীয় সঙ্গীত জগৎ। ৯২ বছর বয়সে চিরবিদায় নিলেন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে (Asha Bhosle)। জানা যায়, ফুসফুসে সংক্রমণ এবং হৃদরোগে আক্রান্ত হওয়ার কারণে শনিবার তাঁকে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়। তবে রবিবার সকাল থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে এবং এদিন তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এদিন গায়িকার মৃত্যুর খবরটি সংবাদমাধ্যমের কাছে নিশ্চিত করা হয় তাঁর ছেলের তরফে। তিনি জানিয়েছেন, "আজ আমার মা মারা গিয়েছেন। আগামীকাল সকাল ১১টায় লোয়ার পারেলের কাসা গ্র্যান্ডে তাঁকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য রাখা হবে। এখানেই তিনি থাকতেন। এরপর বিকেল ৪টায় শিবাজি পার্কে তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হবে।" এই খবর প্রকাশ্যে আসতেই গোটা বলিউড ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া নেমে আসে।
সূত্রের খবর, গতকাল অর্থাৎ শনিবার সন্ধ্যাবেলা আচমকাই শারীরিক অস্বস্তি অনুভব করেন এই পদ্মবিভূষণ-জয়ী শিল্পী। এক গৃহকর্মীকে নিজের অস্বস্তির কথা জানানোর পরই তিনি হৃদরোগে আক্রান্ত হন বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। এর আগে শনিবার আশা ভোঁসলের নাতনি জনাইয়ের তরফ থেকে একটি বিবৃতি জারি করে জানানো হয়েছিল, "দুর্বলতা এবং বুকে সংক্রমণের কারণে আমার ঠাকুমাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসা চলছে এবং আমরা আশা করি সব ঠিক হয়ে যাবে। তবে এখন আমাদের ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখার জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ করছি। আমরা পরবর্তীতে আপডেট দিতে থাকব।"
প্রয়াত লতা মঙ্গেশকরের ছোট বোন আশা ভোঁসলে ভারতীয় শাস্ত্রীয় সংগীত ও প্লেব্যাকে এক উজ্জ্বল নক্ষত্র। দীর্ঘ কেরিয়ারে তিনি বিভিন্ন ভারতীয় ভাষায় ১২,০০০-এরও বেশি গান রেকর্ড করেছেন বলে জানা গিয়েছে। পদ্মিনী, বৈজয়ন্তীমালা থেকে শুরু করে মীনা কুমারী, মধুবালা, জিনাত আমান, কাজল কিংবা উর্মিলা মাতন্ডকরের মতো প্রথম সারির অভিনেত্রীদের হয়ে প্লেব্যাক করেছেন তিনি। তাঁর গাওয়া জনপ্রিয় গানগুলির মধ্যে অন্যতম হলো 'চুরা লিয়া হ্যায় তুমনে জো দিল কো', 'অভি না জাও ছোড়কর', 'ইন্তাহা হো গয়ি ইন্তেজার কি' ইত্যাদি। প্রসঙ্গত, ২০২৩ সালে দুবাইতে নিজের ৯০ তম জন্মদিনে 'Asha90: Live in Concert'-এ শেষবারের মতো মঞ্চে পারফর্ম করতে দেখা গিয়েছিল এই সুরসম্রাজ্ঞীকে।
