আজ বুধবার ভবানীপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কালীঘাট থেকে বিশাল মিছিল করে আলিপুর সার্ভে বিল্ডিংয়ে পৌঁছা
ডিজিটাল ডেস্ক: চব্বিশের লোকসভা নির্বাচনের রেশ কাটিয়ে এবার ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে (West Bengal Assembly Election 2026) পাখির চোখ করে এগোচ্ছে রাজ্যের শাসকদল। সেই লক্ষ্যেই আজ, বুধবার চতুর্থবারের জন্য ভবানীপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসেবে নিজের মনোনয়ন পত্র জমা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পূর্বসূচি অনুযায়ী, এদিন সকাল ১০টা ৩০ মিনিট নাগাদ কালীঘাটের বাসভবন থেকে বিশাল মিছিল নিয়ে বের হন তিনি। গোটা এলাকা এদিন ছিল কড়া নিরাপত্তার ঘেরাটোপে। মিছিলে তৃণমূল নেত্রীর সঙ্গে পা মেলান রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, তাঁর স্ত্রী, কন্যা সহ দলের কাউন্সিলর ও অগুনতি কর্মী-সমর্থক।
উল্লেখ্য, আসন্ন নির্বাচনের প্রস্তুতিতে রাজ্যজুড়ে ইতিমধ্যেই ঝোড়ো প্রচার শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবারও তিনি একাধিক নির্বাচনী সভা করেছেন। এদিন সকাল থেকেই দলীয় পতাকা ও বেলুন নিয়ে কালীঘাট চত্বরে হাজির হয়েছিলেন উৎসাহী সমর্থকরা। বিশাল মিছিল নিয়ে আলিপুরের সার্ভে বিল্ডিংয়ে পৌঁছান নেত্রী এবং সেখানেই মনোনয়ন পেশ করেন। সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনয়নের অন্যতম প্রস্তাবক ছিলেন ফিরহাদ হাকিমের স্ত্রী। মনোনয়ন পত্রে মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বাংলাতেই স্বাক্ষর করেন।
মনোনয়ন জমা দিয়ে সার্ভে বিল্ডিং থেকে বেরিয়ে অপেক্ষারত আমজনতার উদ্দেশ্যে হাত নাড়েন তিনি। সেখান থেকেই আবেগী স্বরে মমতা বলেন, "আমি এখানেই আছি, এখানেই থাকি। এখান থেকেই আমার সবকিছু। ভবানীপুরের মানুষকে আমার সশ্রদ্ধ প্রণাম।" তিনি আরও যোগ করেন, ভবানীপুরের পাশাপাশি রাজ্যের ২৯৪টি কেন্দ্রেই তৃণমূল প্রার্থীদের জয়ী করার আবেদন জানাচ্ছেন তিনি। এদিন তীব্র গরমের কথা মাথায় রেখে সকলকে শরীরের যত্ন নেওয়ার পরামর্শও দেন তিনি। পাশাপাশি ভোটার তালিকায় নাম বাদ যাওয়া বা এসআইআর (SIR) ইস্যু নিয়ে এদিনও উষ্মাপ্রকাশ করতে দেখা যায় তাঁকে। জানা গিয়েছে, মনোনয়ন পেশের পরেও এদিন তাঁর একাধিক নির্বাচনী কর্মসূচি রয়েছে।
Advertisement


