খবরটি শুনুন
অডিও সংস্করণ
ডিজিটাল ডেস্ক: শেয়ারবাজারে (Stock Market) বিনিয়োগ বরাবরই যেমন লাভজনক, তেমনই ঝুঁকিসাপেক্ষ। এই অনিশ্চয়তার বাজারে মাঝেমধ্যেই এমন কিছু স্টকের হদিশ পাওয়া যায়, যা সাধারণ মানুষের ভাগ্য বদলে দেয়। সাম্প্রতিক বছরগুলিতে বেশ কিছু মাল্টিব্যাগার স্টক (Multibagger Stock) বিনিয়োগকারীদের অভাবনীয় রিটার্ন দিয়েছে। আজ তেমনই এক স্টকের সাফল্য উঠে এসেছে খবরের শিরোনামে, যেখানে মাত্র ১১ টাকার বিনিয়োগ আজ কোটি টাকায় পরিণত হয়েছে।
জানা গিয়েছে, প্রাকৃতিক সম্পদ উত্তোলনকারী সংস্থা মিডওয়েস্ট গোল্ড লিমিটেডের (Midwest Gold Limited) হাত ধরে এই অসাধ্য সাধন হয়েছে। সূত্রের খবর, ২০২১ সালের ১৬ এপ্রিল এই সংস্থার একটি শেয়ারের দাম ছিল মাত্র ১১ টাকা। কিন্তু বিগত পাঁচ বছরে এই স্টক যে গতিতে বৃদ্ধি পেয়েছে, তা দেখে রীতিমতো তাজ্জব বনে গিয়েছেন বাজার বিশেষজ্ঞরা। এই সময়ের ব্যবধানে স্টকটি বিনিয়োগকারীদের প্রায় ৪২,৪৩৭.২৭ শতাংশ বা রাউন্ড ফিগারে ৪২,৪৩৮ শতাংশ রিটার্ন দিয়েছে।
এদিন বাজার সূত্রে খবর, গত বৃহস্পতিবার এই সংস্থার স্টক ৫ শতাংশ লোয়ার সার্কিটে হিট করলেও তা ৪,৬৭৯ টাকায় লেনদেন শেষ করে। গাণিতিক হিসেব বলছে, যদি কোনো ব্যক্তি আজ থেকে পাঁচ বছর আগে এই স্টকে ১ লক্ষ টাকা বিনিয়োগ করে রাখতেন, তবে বর্তমানে সেই আমানতের বাজার মূল্য দাঁড়াত ৪ কোটি ২৫ লক্ষ ৩৭ হাজার টাকা। অর্থাৎ, সামান্য পুঁজি বিনিয়োগ করেই সেই ব্যক্তি আজ কোটিপতির তালিকায় নাম লেখাতেন।
তবে শুধু দীর্ঘমেয়াদী নয়, স্বল্প সময়ের নিরিখেও এই স্টকটির পারফরম্যান্স নজরকাড়া। গত এক বছরে এই স্টক বিনিয়োগকারীদের অর্থকে প্রায় ১৩ গুণ বাড়িয়ে দিয়েছে, যার শতাংশের হার ১২৮৩। এমনকি বর্তমানে পশ্চিম এশিয়ার অস্থির পরিস্থিতির জেরে যখন রাজ্যের ও দেশের শেয়ার বাজার (Share Market Update) বেশ টালমাটাল, তখনও গত ৬ মাসে এই স্টক থেকে ৮৩ শতাংশ রিটার্ন পাওয়া গিয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, আগামী দিনেও এই সংস্থা ইনভেস্টরদের মুখে হাসি ফোটাতে পারে।
Disclaimer: শেয়ার বাজারে বিনিয়োগ আর্থিক ঝুঁকি সাপেক্ষ। শুধুমাত্র এই প্রতিবেদনটি পড়ে কোনো স্টকে বিনিয়োগ করবেন না। এই খবরটি মূলত পাঠকদের কাছে শেয়ার বাজার সম্পর্কিত তথ্য পৌঁছে দেওয়ার জন্য তৈরি করা হয়েছে। বিনিয়োগ সংক্রান্ত যেকোনোও সিদ্ধান্তের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন।
