Election 2026
বিজেপি কর্মীদের হাতে আক্রান্ত তৃণমূল সাংসদ মিতালী বাগ! হাসপাতালে দাঁড়িয়ে কড়া হুঁশিয়ারি অভিষেকের
Monday, April 27, 2026
Reading...
![]() |
| আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন |
সূত্রের খবর, সোমবার দ্বিতীয় দফার নির্বাচনের ঠিক আগে আরামবাগে শেষ মুহূর্তের প্রচারে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই কর্মসূচিতে যোগ দিতেই বাড়ি থেকে রওনা হয়েছিলেন মিতালী বাগ। সাংসদের অভিযোগ, গোঘাটে যেখানে বিজেপি প্রার্থী প্রশান্ত দিগারের কার্যালয় রয়েছে, সেখানে তাঁর গাড়ি আটকে একদল দুষ্কৃতী লাঠি, রড ও বন্দুক নিয়ে চড়াও হয়। মুহূর্তের মধ্যে গাড়ির কাচ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। এই হামলার পর সোশ্যাল মিডিয়ায় লাইভ স্ট্রিমিং করে কান্নায় ভেঙে পড়েন সাংসদ। তিনি বলেন, “দেখুন কী ভাবে এক জন মহিলার কণ্ঠরোধ করা হচ্ছে। আমাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা হয়েছে, গোটা শরীরে কাচের টুকরো ফুটে গিয়েছে।”
হাসপাতালে যাওয়ার পথে লাইভ ভিডিওতে নির্বাচন কমিশনের (Election Commission) বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দেন মিতালী বাগ। তিনি সরাসরি প্রশ্ন তোলেন, এক জন মহিলার ওপর হওয়া এই নির্যাতনের দায়ভার কমিশনকেই নিতে হবে। তাঁর কথায়, আরামবাগে তৃণমূল নেতাদের গ্রেফতার করার নির্দেশ দেওয়া হলেও, এই হামলার দায় কে নেবে?
ঘটনার খবর পাওয়া মাত্রই কর্মসূচি শেষে আরামবাগ মেডিক্যাল কলেজে (Arambagh Medical College) জখম সাংসদকে দেখতে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে বেরিয়ে তিনি আক্রমণাত্মক মেজাজে বিজেপিকে (BJP) হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমি জানি হামলার সঙ্গে কারা যুক্ত। সিসিটিভি ফুটেজ দেখে বেছে বেছে বের করব। আরামবাগে হারি বা জিতি, ৪ তারিখের পর সব হিসেব হবে।”
এদিকে হামলার সমস্ত অভিযোগ অস্বীকার করেছে গেরুয়া শিবির। বিজেপির প্রাক্তন জেলা সভাপতি বিমান ঘোষের দাবি, তৃণমূল নেতা সঞ্জয় খানের নেতৃত্বে তাঁদের কর্মীদের ওপর হামলা হয়েছে এবং তাঁদের ২০ জন কর্মী হাসপাতালে ভর্তি। ঘটনা ধামাচাপা দিতেই মিতালী বাগ 'নাটক' করছেন বলে পালটা সুর চড়িয়েছে বিজেপি। সব মিলিয়ে ভোটের আগে আরামবাগের রাজনৈতিক পরিস্থিতি এখন চরম উত্তপ্ত।
সম্পর্কিত খবর
