খবরটি শুনুন
অডিও সংস্করণ
খবর বঙ্গ ডিজিটাল ডেস্ক, মালদহ: মালদহের মোথাবাড়ি (Mothabari) হিংসার ঘটনায় বড়সড় সাফল্য পেল রাজ্য পুলিশ। এই ঘটনার অন্যতম মূল অভিযুক্ত তথা মিম (AIMIM) নেতা ও আইনজীবী মোফাক্কেরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার বাগডোগরা বিমানবন্দর থেকে পালানোর চেষ্টা করার সময় পুলিশ তাঁকে জালে তোলে। এদিন ধৃতকে মালদহ জেলা আদালতে তোলা হলে বিচারক তাঁকে ১৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার দিন ব্লক অফিসের সামনে দাঁড়িয়ে মোফাক্কেরুল ইসলাম উপস্থিত জনতাকে প্ররোচিত করার জন্য উস্কানিমূলক ভাষণ দিয়েছিলেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে (Viral Video) তাঁকে জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকদের উদ্দেশে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়তে দেখা গিয়েছে বলে তদন্তকারীদের দাবি। এই ঘটনার পরিপ্রেক্ষিতে কালিয়াচক থানায় ইতিমধ্য়েই তাঁর বিরুদ্ধে তিনটি পৃথক মামলা রুজু করা হয়েছে।
মোথাবাড়ি কাণ্ডকে ‘বিচারের কাজে বাধা দেওয়ার নির্লজ্জ ও সুপরিকল্পিত প্রচেষ্টা’ বলে তীব্র ভর্ৎসনা করেছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। এই ঘটনায় রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব এবং পুলিশের ডিজিপি-কে শোকজ নোটিশ পাঠানো হয়েছে। সূত্রের খবর, বিচারকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে নির্বাচন কমিশনকে কেন্দ্রীয় বাহিনী (Central Force) মোতায়েনের নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত।
এডিজি (উত্তরবঙ্গ) জানিয়েছেন, এই হিংসার ঘটনার তদন্তভার এনআইএ (NIA Investigation) নিলেও রাজ্য পুলিশ সমান্তরালভাবে অনুসন্ধান চালিয়ে যাবে। ঘটনাটি কতটা সুপরিকল্পিত ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। এখনও পর্যন্ত এই মামলায় আইএসএফ (ISF) প্রার্থীসহ মোট ৩৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা যায়।
