খবরটি শুনুন
অডিও সংস্করণ
ডিজিটাল ডেস্ক: দেশের অনলাইন কনটেন্ট ক্রিয়েটর এবং সংবাদমাধ্যমের জন্য বড়সড় পরিবর্তনের সংকেত দিচ্ছে কেন্দ্রীয় সরকার। সাম্প্রতিক সময়ে তথ্যপ্রযুক্তি নিয়ম বা IT Rule নিয়ে সাধারণ মানুষের মধ্যে তৈরি হওয়া বিভ্রান্তি দূর করতে এবার সরাসরি ময়দানে নামল ইলেকট্রনিক ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক (MEITY)। কেন্দ্রের তরফে স্পষ্ট জানানো হয়েছে, তথ্যপ্রযুক্তি আইন ২০২১-এ বিশেষ সংশোধন আনতে চলেছে সরকার। এই লক্ষ্যে ইতিমধ্যেই একটি খসড়া প্রস্তাব তৈরি করা হয়েছে।
ঠিক কী বলা হয়েছে কেন্দ্রের এই নয়া প্রস্তাবে? সূত্রের খবর, অনলাইন প্লাটফর্মে খবর এবং সাম্প্রতিক ঘটনাবলী প্রচারের ধরণ নিয়ে একাধিক বিধিনিষেধ আসতে পারে। তবে সরকার-বিরোধী পোস্ট করলেই সেটি সরিয়ে দেওয়া হবে, এমন জল্পনা উড়িয়ে দিয়েছেন ইলেকট্রনিক মন্ত্রকের সচিব এস কৃষ্ণ। তিনি জানিয়েছেন, এই ধরনের খবর সম্পূর্ণ একটি 'মিথ'। সরকার সংবিধান মেনেই কাজ করবে এবং কোনো স্বৈরাচারী পদক্ষেপ নেওয়া হবে না।
জানা গিয়েছে, প্রস্তাবিত সংশোধনীতে মূলত চারটি বিষয়ের ওপর জোর দেওয়া হয়েছে। সেগুলি হলো— তথ্য সংরক্ষণ বা Data Protection, বর্তমান আইন মেনে চলা, মূল বিষয়বস্তুর স্বচ্ছ সংজ্ঞা এবং পরিকাঠামোগত পরিবর্তন। বিশেষ করে আইটি আইনের ৭৯(২)(সি) ধারা নিয়ে বিস্তারিত আলোচনা চলছে। এই খসড়া প্রস্তাবের ওপর সাধারণ মানুষের মতামত জানতে চেয়েছে সরকার। আগামী ১৪ এপ্রিল পর্যন্ত এই পরামর্শ দেওয়ার সময়সীমা নির্ধারিত করা হয়েছে। পরিস্থিতির গুরুত্ব বুঝে এই সময়সীমা আরও বাড়ানো হতে পারে বলেও জানা গিয়েছে।
তবে এই নিয়ম নিয়ে বিতর্কের সূত্রপাত হয়েছে অন্য জায়গায়। খসড়ায় নিউজ কনটেন্টের ওপর আংশিক নজরদারির ব্যবস্থা রাখা হয়েছে। বিরোধীদের দাবি, এর ফলে সরকার চাইলেই যে কোনো বিরোধী কণ্ঠস্বর রোধ করতে পারবে। যদিও MEITY-র দাবি, ক্ষমতার মূল নিয়ন্ত্রণ তাদের হাতেই থাকবে, তবে নিউজ কনটেন্টের নির্দিষ্ট কিছু বিভাগ তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সঙ্গে শেয়ার করা হতে পারে।
