খবরটি শুনুন
অডিও সংস্করণ
আজ, শনিবার শিলিগুড়িতে অনুষ্ঠিত হতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) মেগা রোড শো (Roadshow)। জানা গিয়েছে, আগামীকাল রবিবার শিলিগুড়ি সংলগ্ন কাওয়াখালির মাঠে তাঁর একটি হাই-ভোল্টেজ মেগা জনসভা রয়েছে। তবে তার আগেই এদিন, শহর শিলিগুড়িতে প্রায় এক কিলোমিটার দীর্ঘ এই বর্ণাঢ্য রোড শো করবেন তিনি। সূত্রের খবর, খোদ প্রধানমন্ত্রীর নিজের ইচ্ছেতেই এই বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
জানা যায়, এদিন বিকেল নাগাদ কুশমণ্ডির সভা শেষ করে বাগডোগরা বিমানবন্দরে (Bagdogra Airport) এসে পৌঁছবেন প্রধানমন্ত্রী। এরপর সেখান থেকে সুকনার কাছে একটি টি-রিসর্টে যাওয়ার পথে বিহার মোড় থেকে স্টেশন মোড় পর্যন্ত রাস্তায় তিনি এই রোড শো করবেন এবং সাধারণ মানুষের অভিবাদন গ্রহণ করবেন।
এই মেগা ইভেন্টকে ঘিরে ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছে। মাটিগাড়া-নকশালবাড়ি কেন্দ্রের বিজেপি (BJP) প্রার্থী আনন্দময় বর্মন জানিয়েছেন, এই মেগা রোড শো-কে ঐতিহাসিক রূপ দিতে ইতিমধ্যেই লক্ষাধিক মানুষের জমায়েতের প্রস্তুতি নেওয়া হয়েছে। জানা গিয়েছে, এই নির্দিষ্ট পথে প্রধানমন্ত্রীর কনভয় অত্যন্ত ধীর গতিতে এগোবে। ভিভিআইপি নিরাপত্তার দিকেও বিশেষ নজর দেওয়া হয়েছে। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের (Siliguri Metropolitan Police) পক্ষ থেকে শহরের প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ে বিশাল পুলিশ বাহিনী এবং বিশেষ বাহিনী মোতায়েন করা হয়েছে।
শিলিগুড়ির ট্রাফিক নির্দেশিকা (Siliguri Traffic Update Today):
প্রধানমন্ত্রীর এই হাই-প্রোফাইল সফর (PM Modi West Bengal Visit) উপলক্ষে সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে এবং যানজট এড়াতে আজ, ১১ এপ্রিল দুপুর ২টো থেকে রাত ১০টা পর্যন্ত বিশেষ ট্রাফিক নির্দেশিকা জারি করেছে শিলিগুড়ি পুলিশ কমিশনারেট। জানা গিয়েছে, এই নির্দিষ্ট সময়ে নিম্নলিখিত রাস্তাগুলিতে কোনও ভারী বা মাঝারি পণ্যবাহী ট্রাক বা লরি চলাচল করতে পারবে না:
- বাগডোগরা খান্না হোটেল থেকে ২০ মাইল চেকপোস্ট পর্যন্ত (পরিবহন নগর এবং দার্জিলিং মোড় হয়ে)।
- পানিঘাটা মোড় থেকে বিহার মোড় অভিমুখী রাস্তা।
- আদলপুর মোড় থেকে খাপরাইল মোড়।
- ঠাকুর ব্রিজ থেকে খাপরাইল মোড় এবং মাটিগাড়া বাইপাস।
- চটহাট মেডিক্যাল মোড় থেকে ফাঁসিদেওয়া আন্ডার বাইপাস মোড়।
- ইলা পাল চৌধুরী মেমোরিয়াল হাই স্কুল থেকে দার্জিলিং মোড় পর্যন্ত।
বিকল্প পথ বা রুট ডাইভারশন (Traffic Diversion):
তবে পণ্য পরিবহণ স্বাভাবিক রাখতে বিকল্প পথের কথা জানানো হয়েছে।
গ্যাংটক, কালিম্পং বা ডুয়ার্স থেকে বিধাননগরগামী ট্রাকগুলি ইস্টার্ন বাইপাস, ফুলবাড়ি এবং ঘোষপুকুর হয়ে ৩১ নম্বর জাতীয় সড়ক (NH-31) ধরে যাতায়াত করবে।
অন্যদিকে, জলপাইগুড়ি থেকে রায়গঞ্জগামী ট্রাকগুলি ফুলবাড়ি, এমডি বক্স মোড় হয়ে ঘোষপুকুরের দিক দিয়ে গন্তব্যে যাবে।
তবে জরুরি পরিষেবার ক্ষেত্রে সম্পূর্ণ ছাড় দেওয়া হয়েছে। দুধ, পচনশীল দ্রব্য, এলপিজি (LPG) সিলিন্ডার বহনকারী গাড়ি, সেনার গাড়ি এবং অ্যাম্বুলেন্সকে এই বিধিনিষেধের আওতার বাইরে রাখা হয়েছে। সাধারণ মানুষকে যানজট এড়াতে এই নির্দিষ্ট সময়ের মধ্যে বিকল্প রাস্তা ব্যবহারের বিশেষ অনুরোধ জানিয়েছে পুলিশ প্রশাসন (Siliguri Police)।
