খবরটি শুনুন
অডিও সংস্করণ
ডিজিটাল ডেস্ক: বিবেচনাধীন ভোটারদের নিয়ে যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। সোমবার রাত থেকেই আসন্ন প্রথম দফা নির্বাচনের ভোটার তালিকা 'ফ্রিজ' করে দেওয়া হয়েছে বলে খবর। কমিশনের প্রকাশিত সর্বশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী, পশ্চিমবঙ্গ থেকে এই দফায় প্রায় ৯০ লক্ষেরও বেশি মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে। জেলাভিত্তিক পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে, নাম বাদ দেওয়ার নিরিখে তালিকায় শীর্ষে রয়েছে মুর্শিদাবাদ জেলা।
উল্লেখ্য, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিপূর্বে আশঙ্কা প্রকাশ করেছিলেন যে, প্রায় ১ কোটি ২০ লক্ষ ভোটারের নাম বাদ যেতে পারে। তবে কমিশনের রিপোর্ট বলছে, বাদ যাওয়া ভোটারের সংখ্যা কোটির গণ্ডি স্পর্শ না করলেও তা ৯০ লক্ষের গণ্ডি ছাড়িয়ে গিয়েছে। যে ১১টি রাজ্যে এসআইআর (SIR) প্রক্রিয়া চালানো হয়েছিল, তার মধ্যে নাম বাদ যাওয়ার নিরিখে পশ্চিমবঙ্গ দেশের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে। ২ কোটির বেশি নাম বাদ দিয়ে এই তালিকার শীর্ষে রয়েছে উত্তরপ্রদেশ (Uttar Pradesh)।
কমিশন সূত্রে জানা গিয়েছে, চূড়ান্ত তালিকা প্রকাশের সময় প্রায় ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জন ভোটার বিবেচনাধীন ছিলেন। গতকাল রাতের মধ্যে সেই সমস্ত নামের নিষ্পত্তি করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, এই ৬০ লক্ষের মধ্যে ২৭ লক্ষ ১৬ হাজার ৩৯৩ জনের নাম বাদ পড়েছে এবং ৩২ লক্ষ ৬৮ হাজার ১১৯ জনের নাম নতুন করে তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। এর আগে মূল তালিকায় ৬৩ লক্ষ নাম বাদ গিয়েছিল। সব মিলিয়ে মোট বাদ যাওয়া ভোটারের সংখ্যা ৯০ লক্ষ অতিক্রম করেছে। তবে বর্তমানে ৫৯ লক্ষ ৮৪ হাজার ৫১২ জনের পরিসংখ্যান জনসমক্ষে আনা হয়েছে, বাকিদের ক্ষেত্রে ই-সাক্ষর প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়ায় এই সংখ্যা আরও বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।
জেলাভিত্তিক পরিসংখ্যান (Deleted List):
কমিশনের তথ্য অনুযায়ী, মুর্শিদাবাদে (Murshidabad) সর্বোচ্চ ৪ লক্ষ ৫৫ হাজার ১৩৭ জনের নাম বাদ গিয়েছে। এরপরই উত্তর ২৪ পরগনায় (North 24 Parganas) সংখ্যাটা ৩ লক্ষ ২৫ হাজার ৬৬৬। এছাড়া পূর্ব বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া ও মালদহ জেলায় ২ লক্ষের বেশি নাম কাটা গিয়েছে। কোচবিহার, উত্তর দিনাজপুর, হাওড়া ও হুগলিতে নাম বাদ যাওয়ার সংখ্যা ১ লক্ষের বেশি। কলকাতায় দক্ষিণ অপেক্ষা উত্তর ভাগে নাম বাদ যাওয়ার হার বেশি। কলকাতা দক্ষিণে ২৮,৪৬৮ জন এবং উত্তর কলকাতায় ৩৯,১৬৪ জনের নাম বাদ পড়েছে। সবথেকে কম নাম বাদ গিয়েছে ঝাড়গ্রাম জেলায়।


