Election 2026
বেলা ১টা পর্যন্ত বাংলায় রেকর্ড ভোটদান, শীর্ষে পূর্ব বর্ধমান
April 29, 2026
Reading...
কলকাতা: ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2026) দ্বিতীয় দফার হাইভোল্টেজ ভোট গ্রহণ চলছে। জানা গিয়েছে, বুধবার রাজ্যের ১৪২টি আসনে বেলা একটা পর্যন্ত ভোটদানের হার দাঁড়িয়েছে ৬১.১১ শতাংশ। নির্বাচন কমিশনের (Election Commission) দেওয়া তথ্য অনুযায়ী, সকাল থেকেই ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গিয়েছে। এদিন সকালেই নির্বাচন কমিশন জানিয়েছিল যে বেলা ১১টা পর্যন্ত ভোট গ্রহণের হার ছিল ৩৯.৯৭ শতাংশ।
সূত্রের খবর, ভোটের হারের নিরিখে অন্যান্য সমস্ত জেলাকে পিছনে ফেলে বর্তমানে শীর্ষ স্থানে রয়েছে পূর্ব বর্ধমান জেলা। সেখানে দুপুর একটা পর্যন্ত ভোটদানের হার ৬৬.৮০ শতাংশ। এর পরেই রয়েছে হুগলী জেলা, যেখানে এই হার ৬৪.৫৭ শতাংশ। এছাড়াও নদীয়াতে বেলা একটা পর্যন্ত ভোট পড়েছে ৬১.৪১ শতাংশ। হাওড়াতে এই হার ৬০.৬৮ শতাংশ। রাজধানী কলকাতার ক্ষেত্রে দেখা যাচ্ছে, কলকাতা উত্তরে এখন পর্যন্ত ৬০.১৮ শতাংশ ভোটদান সম্পন্ন হয়েছে। উত্তর ২৪ পরগণায় ভোটের হার ৫৯.২০ শতাংশ এবং দক্ষিণ ২৪ পরগণায় ভোট পড়েছে ৫৮.৫৮ শতাংশ। অন্যদিকে কলকাতা দক্ষিণে এখন পর্যন্ত ভোটদানের হার দাঁড়িয়েছে ৫৭.৭৩ শতাংশ।
তবে কড়া নিরাপত্তার মধ্যেই রাজ্যের এই ১৪২টি আসনে ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে। গতকাল পর্যন্ত কমিশনের পক্ষ থেকে যে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছিল, তার প্রতিফলন এদিন সকাল থেকেই বুথে বুথে দেখা গিয়েছে। দিনভর শান্তিপূর্ণভাবে ভোট প্রক্রিয়া সম্পন্ন হওয়াই এখন কমিশনের মূল লক্ষ্য।
সম্পর্কিত খবর
