
রণক্ষেত্র নওদা! হুমায়ুন কবীরের কনভয়ে হামলা ও গাড়ি ভাঙচুর, সংঘর্ষ সামলাতে পুলিশের লাঠিচার্জ
ভোটের আবহে এবার রণক্ষেত্র মুর্শিদাবাদের নওদা (Nowda)। জানা গিয়েছে, তৃণমূল প্রার্থী হুমায়ুন কবীরের কনভয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে। এদিন নওদায় তৃণমূল কর্মীদের সঙ্গে AJUP কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ শুরু হয়। দুই পক্ষের মধ্যে চলে প্রবল ইটবৃষ্টি। সূত্রের খবর, এদিন পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সামনেই সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই রাজনৈতিক দল। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ ব্যাপক লাঠিচার্জ শুরু করে। এই ঘটনার জেরে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়েছে। ঘটনার বিবরণ খতিয়ে দেখতে এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।
দিনহাটায় ভোটারকে সরিয়ে ইভিএম-এর বোতাম টিপল কেন্দ্রীয় বাহিনী? গুরুতর অভিযোগ উদয়ন গুহর
ভোটের সকালেই উত্তপ্ত কোচবিহারের দিনহাটা (Dinhata)। এবার কেন্দ্রীয় বাহিনীর (Central Force) বিরুদ্ধে সরাসরি ইভিএম-এ ভোট দেওয়ার মতো মারাত্মক অভিযোগ তুললেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল নেতা উদয়ন গুহ। জানা গিয়েছে, দিনহাটার ১৬০ নম্বর বুথে এক দৃষ্টিহীন ভোটারের হয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান নিজেই বোতাম টিপে দিয়েছেন। মন্ত্রী উদয়ন গুহ অভিযোগ করেন, "একজন দৃষ্টিহীন ব্যক্তি তাঁর নাতিকে নিয়ে ভোট দিতে এসেছিলেন, কিন্তু নাতিকে সরিয়ে বাহিনীর জওয়ান নিজেই ভোট দিয়ে দেন।" এই ঘটনার প্রেক্ষিতে নির্বাচন কমিশনের (Election Commission) দ্বারস্থ হওয়ার কথা জানিয়েছেন তিনি। পাশাপাশি দিনহাটার আইসি-র বিরুদ্ধেও পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন তৃণমূলের এই হেভিওয়েট নেতা। উদয়ন বাবুর দাবি, নিরাপত্তার নামে মানুষকে ভয় দেখানো হচ্ছে। খবর পাওয়া মাত্রই এলাকার বিভিন্ন বুথ পরিদর্শনে বেরিয়েছেন তিনি।
ডোমকলে বাম সমর্থকদের ভোটদানে বাধা! উত্তপ্ত রায়পুর, রিপোর্ট তলব কমিশনের
নির্বাচনের সকালেই উত্তপ্ত মুর্শিদাবাদের ডোমকল (Domkal)। জানা গিয়েছে, বুধবার রাত থেকেই দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে তৃণমূল ও বাম সমর্থকরা। এদিন অর্থাৎ বৃহস্পতিবার সকালে ডোমকলের রায়পুর এলাকায় বাম সমর্থকদের ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে শাসকদলের বিরুদ্ধে। ভোটারদের ভয় দেখানো ও পথ আটকে রাখার অভিযোগে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। এই ঘটনার গুরুত্ব বুঝে নির্বাচন কমিশন (Election Commission) দ্রুত রিপোর্ট তলব করেছে। স্থানীয় সিপিএম সমর্থকদের দাবি, শুরুতে কেন্দ্রীয় বাহিনী নিষ্ক্রিয় থাকলেও পরে বিশাল পুলিশ বাহিনী ভোটারদের নিরাপত্তা দিয়ে বুথে পৌঁছে দেয়। এদিন বুথ পরিদর্শনে গিয়ে ভোটারদের বিক্ষোভের মুখে পড়েন তৃণমূল প্রার্থী। এলাকায় এখনও উত্তেজনা রয়েছে।