‘দ্বিতীয় দফায় বিজেপির দফারফা হবে’, ভোট দিয়েই হুঁশিয়ারি অভিষেকের!

April 29, 2026
Reading...
West Bengal Election 2026, Abhishek Banerjee, Mamata Banerjee, Bhawanipur Vote, Election Commission, Central Forces.
কলকাতা: ২৬ এর বাংলার বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2026) দ্বিতীয় দফায় আজ ভোটগ্রহণ। এদিন বুধবার সকালে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মিত্র ইনস্টিটিউশনে নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ভোটদান পর্ব মিটিয়েই সংবাদমাধ্যমের সামনে বিজেপি এবং নির্বাচন কমিশনকে (Election Commission of India) কড়া ভাষায় আক্রমণ করতে দেখা গেল তাঁকে।

এদিন সকাল প্রায় ৮টা নাগাদ মিত্র ইনস্টিটিউশনে পৌঁছান ডায়মন্ড হারবারের সাংসদ। ভোট দিয়ে বেরিয়েই তিনি কেন্দ্রীয় বাহিনীর (Central Forces) ভূমিকা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন। সূত্রের খবর, অভিষেক অভিযোগ করেছেন যে কেন্দ্রীয় বাহিনী নিজের এক্তিয়ার বহির্ভূত কাজ করছে এবং তৃণমূল কর্মীদের নানাভাবে ভীতি প্রদর্শন করা হচ্ছে। তবে জয়ের ব্যাপারে পূর্ণ আস্থা রেখে তিনি বলেন, “প্রথম দফায় বিজেপি পর্যুদস্ত হয়েছে এবং আজকের দ্বিতীয় দফায় বিজেপির দফারফা হওয়া নিশ্চিত।”

সাধারণত নির্বাচনের দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) কালীঘাটের বাসভবনেই থাকেন। তবে এবারের নির্বাচনে দেখা গেল ভিন্ন চিত্র। বুধবার সকালেই তিনি ভবানীপুরের বিভিন্ন বুথ পরিদর্শনে বেরিয়ে পড়েন। জানা গিয়েছে, ভোটের আগের রাতে কেন্দ্রীয় বাহিনীর ‘তাণ্ডব’ নিয়ে অভিযোগ তুলেছেন খোদ তৃণমূল সুপ্রিমো। তিনি জানান, সারারাত তিনি এবং অভিষেক পরিস্থিতির ওপর কড়া নজর রেখেছেন। বুথ স্তরের পরিস্থিতি খতিয়ে দেখতেই তিনি এদিন রাস্তায় নামতে বাধ্য হয়েছেন বলে জানা যায়।