খবরটি শুনুন
অডিও সংস্করণ
২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফায় তৈরি হলো এক নতুন ইতিহাস। স্বাধীনতা পরবর্তী নির্বাচনের সমস্ত রেকর্ড ভেঙে দিয়ে এবারের ভোটদানের হার পৌঁছেছে এক অবিশ্বাস্য উচ্চতায়। জানা গিয়েছে, প্রথম দফার নির্বাচনে ভোট পড়েছে প্রায় ৯১.৭৮ শতাংশ, যা গত বিধানসভা নির্বাচনের তুলনায় প্রায় ১০ শতাংশ বেশি।
সূত্রের খবর, ২০১১ সালে রাজ্যে ক্ষমতা পরিবর্তনের সময় ভোটারদের মধ্যে যে ব্যাপক উন্মাদনা দেখা গিয়েছিল, এবারের নির্বাচনের জোয়ার তাকেও অনায়াসে টেক্কা দিয়েছে। ২০১১ সালের বিধানসভা নির্বাচনে ভোট পড়েছিল ৮৪ শতাংশের কিছু বেশি। তবে, সেই রেকর্ড এবার অতীত। ২০১৬ সালে ভোটদানের হার কমে দাঁড়িয়েছিল ৮২ শতাংশে এবং ২০২১ সালেও সেই একই ধারা বজায় ছিল। এমনকি ২০২৪ সালের লোকসভা নির্বাচনে এই হার কমে ৭৯ শতাংশে নেমে এসেছিল। কিন্তু ২০২৬-এর প্রথম দফার লড়াইয়ে মানুষ যেভাবে বুথমুখী হয়েছেন, তাতে রাজনীতির কারবারিরা রীতিমতো অবাক।
এবারের নির্বাচনে জেলাওয়ারি ভোটদানের হারেও দেখা গিয়েছে বড়সড় চমক। জানা যায়, সবথেকে বেশি ভোট পড়েছে কোচবিহার ও দক্ষিণ দিনাজপুরে।
| জেলার নাম | ভোটদানের হার |
|---|---|
| কোচবিহার (Cooch Behar) | ৯৪% |
| দক্ষিণ দিনাজপুর (Dakshin Dinajpur) | ৯৪% |
| মুর্শিদাবাদ (Murshidabad) | ৯৩% |
| বীরভূম (Birbhum) | ৯৩% |
| জলপাইগুড়ি (Jalpaiguri) | ৯৩% |
| পশ্চিম মেদিনীপুর (Paschim Medinipur) | ৯২% |
| ঝাড়গ্রাম (Jhargram) | ৯২% |
| উত্তর দিনাজপুর (Uttar Dinajpur) | ৯১% |
| বাঁকুড়া (Bankura) | ৯১% |
| মালদা (Malda) | ৯১% |
| পূর্ব মেদিনীপুর (Purba Medinipur) | ৯০% |
| আলিপুরদুয়ার (Alipurduar) | ৯০% |
| পুরুলিয়া (Purulia) | ৮৯% |
| বর্ধমান (Burdwan) | ৮৭% |
| দার্জিলিং (Darjeeling) | ৮৭% |
| কালিম্পং (Kalimpong) | ৮৩% |
এদিন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রথম দফার এই রেকর্ড ভাঙা ভোটদানের পর এখন নজর দ্বিতীয় দফার দিকে। মানুষের এই বিপুল জনজোয়ার ইভিএমে কী বার্তা দিচ্ছে, তা নিয়ে ইতিমধ্য়েই শুরু হয়েছে রাজনৈতিক চুলচেরা বিশ্লেষণ। উল্লেখ্য, পাহাড়ের কালিম্পং জেলায় ভোটদানের হার তুলনামূলকভাবে কম (৮৩ শতাংশ) হলেও সামগ্রিক ফলাফল কিন্তু বঙ্গে গণতন্ত্রের এক নতুন দিগন্ত খুলে দিয়েছে।
