সোনারপুরে অভিষেকের উপর হামলায় কড়া পুলিশ! ভিডিও ফুটেজ দেখে জালে ৪, আটক ৩

May 31, 2026
Reading...
সোনারপুরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনায় কড়া পদক্ষেপ পুলিশের। ভিডিও ফুটেজ খতিয়ে দেখে গ্রেপ্তার ৪!
ভোট-পরবর্তী হিংসায় প্রাণ হারানো দলীয় কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে শনিবার সোনারপুরে (Sonarpur) গিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তবে সেখানে পৌঁছাতেই ভয়ংকর বিক্ষোভের মুখে পড়েন তিনি। সূত্রের খবর, এই গুরুতর হামলার ঘটনায় ইতিমধ্যেই কড়া পদক্ষেপ গ্রহণ করেছে সোনারপুর থানার পুলিশ। ঘটনার ভিডিও ফুটেজ (Video Footage) বিশ্লেষণ করে চারজনকে গ্রেপ্তার (Arrest) করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদের জন্য আরও তিনজনকে আটক করেছে প্রশাসন। গোটা ঘটনাটিতে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে তদন্তে নেমেছে পুলিশ।

জানা গিয়েছে, এদিন ওই এলাকায় পা রাখতেই প্রবল ক্ষোভ আছড়ে পড়ে তৃণমূল নেতার উপর। অভিযোগ, তাঁকে নিশানা করে পাথর, ডিম এবং জুতো ছোড়া হয়। পাশাপাশি ‘চোর’ স্লোগান তুলে চলে ব্যাপক বিক্ষোভ প্রদর্শন। বেগতিক বুঝে পরিস্থিতি সামাল দিতে এবং আত্মরক্ষার্থে মাথায় হেলমেট পরতে বাধ্য হন অভিষেক। ঘাসফুল শিবিরের দাবি, এই চূড়ান্ত বিশৃঙ্খলা ও ধস্তাধস্তির মাঝে তাঁর জামা ছিঁড়ে যায় এবং তিনি বুকে আঘাত পান।

শাসকদলের অভিযোগ, আগে থেকে খবর পেয়েই বিজেপির চক্রান্তে এই পরিকল্পিত হামলা চালানো হয়েছে। প্রথমদিকে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগও তোলে তৃণমূল নেতৃত্ব। যদিও পুলিশ প্রশাসনের তরফে জানানো হয়েছে, ভিডিওর সূত্র ধরে দ্রুততার সঙ্গে অভিযুক্তদের শনাক্ত করে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। রবিবার গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে। আগামী দিনে এই ঘটনায় ধৃতের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে, এই নজিরবিহীন হামলাকে কেন্দ্র করে রীতিমতো তোলপাড় বঙ্গ রাজনীতি। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, এই হামলার জেরে অভিষেকের বুকে রক্ত জমাট বেঁধে গিয়েছে। হামলাকারীদের সঙ্গে গেরুয়া শিবিরের সরাসরি যোগ রয়েছে বলেও দাবি তাঁদের। অন্যদিকে, রাহুল গান্ধি এবং অরবিন্দ কেজরিওয়ালের মতো ‘ইন্ডিয়া’ জোটের শীর্ষ নেতারা এই ঘটনার কড়া নিন্দা করেছেন। হাসপাতাল পরিবর্তন, রাজনৈতিক তরজা এবং সোনারপুরের এই হামলা ঘিরে এই মুহূর্তে রাজ্যজুড়ে চরম অস্থিরতা বিরাজ করছে।
Advertisement