Annapurna Bhandar
১ জুন থেকেই রাজ্যে শুরু অন্নপূর্ণা ভাণ্ডার! মহিলাদের একাউন্টে আসবে ৩০০০ টাকা?
May 12, 2026
Reading...
খবর বঙ্গ ডেস্ক: অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে। আগামী ১ জুন থেকেই রাজ্যে কার্যকর হতে চলেছে অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Bhandar) প্রকল্প। প্রশাসনের উচ্চপদস্থ সূত্রের খবর অনুযায়ী, ওই দিন থেকেই প্রকল্পের সুবিধা পেতে শুরু করবেন রাজ্যের মহিলারা।
উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনের আগে বিজেপির পক্ষ থেকে মহিলাদের আর্থিক সহায়তার বিশেষ প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। যদিও তাদের মূল সংকল্প পত্রে নির্দিষ্ট কোনো প্রকল্পের নাম উল্লেখ করা হয়নি, তবে রাজ্যের মহিলাদের মাসিক ৩০০০ টাকা করে ভাতা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল। নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই এই ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্প নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতুহল ও আশার সঞ্চার হয়। সূত্রের খবর, সেই প্রতিশ্রুতি মেনেই জুন মাসের প্রথম দিন থেকে এই আর্থিক সুবিধা প্রদানের প্রক্রিয়া শুরু হচ্ছে।
অন্নপূর্ণা ভাণ্ডারের পাশাপাশি আরও একটি বড় ঘোষণা সামনে এসেছে। জানা গিয়েছে, আগামী ১ জুন থেকে রাজ্যের সরকারি বাসে যাতায়াতের জন্য মহিলাদের আর কোনো ভাড়া দিতে হবে না। অর্থাৎ, ১ তারিখ থেকেই সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের সুবিধা উপভোগ করতে পারবেন মহিলারা।
২০২১ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar) প্রকল্প চালু করেছিল। রাজনৈতিক মহলের মতে, এই প্রকল্প তৃণমূল কংগ্রেসকে বিপুল নির্বাচনী সাফল্য এনে দিয়েছিল। পরবর্তীকালে ভারতের বিভিন্ন রাজ্য এই মডেল অনুসরণ করে। বর্তমানে বঙ্গে নতুন সরকার গঠনের পর কত দ্রুততার সঙ্গে এই ৩০০০ টাকার অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প বাস্তবায়িত হয়, এখন সেদিকেই তাকিয়ে রয়েছে রাজ্যের কয়েক কোটি মহিলা। গতকাল পর্যন্ত এই নিয়ে জল্পনা থাকলেও, এদিন প্রশাসনের সবুজ সংকেতে তা স্পষ্ট হয়েছে।
সম্পর্কিত খবর
