
কল্যাণীতে আয়োজিত উত্তর ২৪ পরগনা, হুগলি ও নদীয়া জেলার প্রশাসনিক পর্যালোচনা বৈঠক শেষে একগুচ্ছ বড় সিদ্ধান্তের কথা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী বুধবার থেকেই 'অন্নপূর্ণা ভাণ্ডার' (Annapurna Bhandar) নামক নতুন সরকারি প্রকল্পের প্রাথমিক কাজ শুরু হতে চলেছে বলে তাঁর ঘোষণা। মুখ্যমন্ত্রী স্পষ্ট করেছেন যে, এই নতুন প্রকল্প পুরোপুরি চালু না হওয়া পর্যন্ত মহিলারা 'লক্ষ্মীর ভাণ্ডার' (Lakshmir Bhandar)-এর সুবিধা পেতেই থাকবেন। প্রশাসনকে ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে যাতে লক্ষ্মীর ভাণ্ডার থেকে অন্নপূর্ণা ভাণ্ডারে উপভোক্তাদের স্থানান্তরের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা হয়।
মঙ্গলবার কল্যাণীর প্রশাসনিক বৈঠক থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্তের কথা জানান মুখ্যমন্ত্রী, যার মধ্যে অন্যতম অন্নপূর্ণা ভাণ্ডারের এই রূপান্তর। তিনি জানান, বুধবার নবান্ন থেকে মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিবের উপস্থিতিতে মন্ত্রী অগ্নিমিত্রাকে সঙ্গে নিয়ে আনুষ্ঠানিকভাবে অন্নপূর্ণা ভাণ্ডারের আবেদনপত্র বা ফর্ম প্রকাশ করা হবে। আগামীকালই এই বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া হবে। শুভেন্দু অধিকারী বলেন, আবেদন প্রক্রিয়া কাল থেকেই শুরু হচ্ছে। উপভোক্তারা যত দ্রুত নাম নথিভুক্ত করবেন, তত তাড়াতাড়ি এই সুবিধা পাবেন। ফর্ম পূরণ হওয়ার সাথে সাথেই অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে পাঠানো হবে।
অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম পূরণ পদ্ধতি
মহিলারা কীভাবে এই প্রকল্পের ফর্ম পূরণ করবেন, সেই বিষয়েও ধারণা দিয়েছেন মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে, অনলাইন এবং অফলাইন—উভয় মাধ্যমেই এই ফর্ম পাওয়া যাবে। তবে সাধারণ মানুষের ওপর পুরো দায়িত্ব ছেড়ে দেওয়া হবে না। বিধায়করা নিজস্ব উদ্যোগে ফর্ম পূরণে সাহায্য করবেন। পাশাপাশি সরকারের তরফেও বিডিও (BDO)-দের নেতৃত্বে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম পূরণে সহায়তা করার জন্য প্রতিনিধি পাঠানো হবে। তবে এই ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, কেবল ভারতীয় নাগরিকরাই এই সুবিধা পাবেন। ভারতের টাকা বাংলাদেশ থেকে আসা কোনো অনুপ্রবেশকারীর জন্য নয়।
সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত ও স্মার্ট কার্ড
আগামী সপ্তাহ থেকেই সরকারি বাসে মহিলাদের জন্য বিনামূল্যে পরিষেবা চালু করার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, প্রাথমিকভাবে সমস্ত মহিলাই এই ফ্রি বাস পরিষেবার সুবিধা পেলেও পরবর্তীকালে একটি বিশেষ কার্ডের ব্যবস্থা করা হবে। পূর্বতন তৃণমূল সরকারের সমালোচনা করে মুখ্যমন্ত্রী বলেন, আগের জমানায় তৃণমূলের নেতারাই লক্ষ্মীর ভাণ্ডার পেতেন, কিন্তু বর্তমান সরকার সেই সুযোগ দেবে না। কেউ যাতে পোশাক বদলে বা মুখ ঢেকে সরকারি বাসে উঠে কনডাক্টরদের বিভ্রান্ত করতে না পারেন, সেই কারণেই দ্রুত স্মার্ট কার্ডের ব্যবস্থা করা হচ্ছে।
৫ টাকায় মাছ-ভাত: মা ক্যান্টিন নিয়ে বড় সিদ্ধান্ত
প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে সাধারণ মানুষের পুষ্টির কথা বিবেচনা করে ‘মা ক্যান্টিন’ নিয়ে বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এখন থেকে সপ্তাহে দু'দিন মা ক্যান্টিনে মাত্র ৫ টাকায় মাছ-ভাত খেতে পারবেন সাধারণ মানুষ। দ্রব্যমূল্যের এই বাজারে সাধারণ মানুষের কাছে পুষ্টিকর খাবার পৌঁছে দেওয়াই সরকারের মূল উদ্দেশ্য।
ওয়াকিবহাল মহলের মতে, সরকারের এই সমস্ত সিদ্ধান্ত বাস্তবায়িত হলে তা তৃণমূল স্তরের সাধারণ মানুষের জন্য অত্যন্ত বড় স্বস্তি নিয়ে আসবে।