পাটের খেত থেকে মাটি খুঁড়ে ২ কোটি ২৪ লক্ষ টাকা উদ্ধার করল পুলিশ। তৃণমূল কার্যালয়ের পাশে বস্তা ও ট্রলিভর্তি ৫০০ টাকার নোটের উদ্ধার...

এর আগে, সোমবার একটি হোটেল থেকে এই পুরপ্রধানকে গ্রেফতার করা হয়। সেই সময় তাঁর কাছ থেকে প্রায় ৮০ লক্ষ টাকা মিলেছিল। ওই দিন রাতেই বাদুড়িয়া পুরসভা পরিচালিত একটি পরিত্যক্ত কম্পিউটার সেন্টার থেকে আরও প্রায় চার হাজার সরকারি ত্রিপল ও ৮০ লক্ষ টাকা উদ্ধার করেছিল পুলিশ। মঙ্গলবার তাঁকে আদালতে তোলা হলে ছয় দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়।
জানা যায়, এরপর বুধবার ধৃত দীপঙ্করকে সঙ্গে নিয়ে তৃণমূল পার্টি অফিসের পাশের একটি জমিতে অভিযান চালায় পুলিশ। সেখানে খেতের নির্দিষ্ট জায়গায় মাটি খুঁড়ে চারটি ট্রলি ব্যাগ এবং একটি বস্তাভর্তি টাকা উদ্ধার হয়। প্রত্যক্ষদর্শীদের মতে, ব্যাগগুলির ভেতরে কেবল ৫০০ টাকার নোটের তাড়া ছিল। প্রথমে প্রাথমিকভাবে ৮০ লক্ষ টাকা উদ্ধারের কথা মনে করা হলেও, পরে ব্যাগ ও বস্তাবন্দি টাকা থানায় নিয়ে গিয়ে সম্পূর্ণ গোনার পর আসল হিসাব প্রকাশ্যে আসে। এই বিপুল পরিমাণ অর্থ কোথা থেকে এল, তা নিয়ে ইতিমধ্যেই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। একাংশের দাবি, এটি আবাস যোজনার টাকা, আবার কারও অভিযোগ এটি সম্পূর্ণ তোলাবাজির অর্থ। গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ।
অন্যদিকে, বৃহস্পতিবার সকালে প্রাতর্ভ্রমণে বেরিয়ে রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ ধৃত পুরপ্রধানকে তীব্র কটাক্ষ করেন। তিনি বলেন, সকলে তো আর পার্থ চট্টোপাধ্যায় নন যে, বান্ধবীর ফ্ল্যাটে টাকা লুকিয়ে রাখবেন। তাঁর কথায়, এই দলের অনেকেই এত পরিমাণ অর্থ জমিয়েছেন যে, সেগুলো কোথায় রাখবেন তা বুঝতে পারছেন না।
Advertisement