দিল্লিতে বড়সড় জঙ্গি হামলার আশঙ্কা! হাই-অ্যালার্ট জারি রাজধানীতে, নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়েছে গোটা এলাকা

May 09, 2026
Reading...
Delhi Terror Alert 2026, Delhi High Alert News, Delhi Police Security, DDU Marg Terrorist Threat, Terror Attack News in Bengali, Delhi Crime Update.
একদিকে বঙ্গ রাজনীতিতে যখন নতুন সরকার গঠন ঠিক তখনই দেশের রাজধানী দিল্লিতে (Delhi) বড়সড় জঙ্গি হামলার (Terrorist Attack) আশঙ্কায় জারি করা হয়েছে হাই-অ্যালার্ট। গোয়েন্দা সংস্থাগুলির বিশেষ সতর্কবার্তার পর থেকেই রাজধানীজুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। সূত্রের খবর, ভারতীয় জনতা পার্টির (BJP) কেন্দ্রীয় কার্যালয় এবং তৎসংলগ্ন গুরুত্বপূর্ণ সরকারি ভবনগুলির নিরাপত্তা কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে খবর অনুযায়ী, গোয়েন্দা রিপোর্ট মতে, দিল্লির দীন দয়াল উপাধ্যায় (DDU) মার্গ সংলগ্ন অফিসগুলিকে টার্গেট করতে পারে জঙ্গিরা। জানা যায়, আত্মঘাতী হামলা, গাড়ি বোমা বিস্ফোরণ কিংবা আইইডি ব্যবহারের মাধ্যমে নাশকতার ছক কষা হচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে। এলাকাটি রাজনৈতিক ও প্রশাসনিকভাবে অত্যন্ত সংবেদনশীল হওয়ায় এদিন সকাল থেকেই পুরো চত্বরকে নিরাপত্তার নিশ্ছিদ্র চাদরে মুড়ে ফেলা হয়েছে।

সতর্কবার্তা পাওয়ার পরপরই দিল্লি পুলিশ (Delhi Police) ও কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থাগুলি সমন্বয়ের মাধ্যমে কাজ শুরু করেছে। রাজধানীর প্রতিটি স্পর্শকাতর এলাকায় অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে এবং সিসিটিভি ক্যামেরার মাধ্যমে প্রতিটি গতিবিধির ওপর কড়া নজর রাখা হচ্ছে। জানা যায়, রাস্তায় ব্যারিকেড বসিয়ে সন্দেহভাজন যানবাহন ও ব্যক্তিদের তল্লাশি চালানো হচ্ছে। বিশেষ করে পরিত্যক্ত কোনো বস্তু বা দীর্ঘক্ষণ পার্ক করে রাখা যানবাহনের ওপর কড়া নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের তরফে।

পরিস্থিতি মোকাবিলায় বোম্ব ডিসপোজাল স্কোয়াড, স্নিফার ডগ ইউনিট এবং কুইক রিঅ্যাকশন টিমকে (QRT) হাই-অ্যালার্টে রাখা হয়েছে। তবে সাধারণ মানুষের নিরাপত্তার কথা মাথায় রেখে রাজধানীর গুরুত্বপূর্ণ মোড় এবং ভিড় এলাকায় পুলিশি টহল উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতির মোকাবিলায় দিল্লি ফায়ার সার্ভিসকেও (Delhi Fire Service) সর্বদা প্রস্তুত থাকতে বলা হয়েছে। প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা পরিস্থিতির ওপর প্রতি মুহূর্তে নজর রাখছেন।