ফ্লোরেন্স নাইটিঙ্গল পুরস্কারে ভূষিত জলপাইগুড়ির গীতা কর্মকার

May 12, 2026
Reading...
গীতা কর্মকার, ফ্লোরেন্স নাইটিঙ্গল পুরস্কার ২০২৬, জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দফতর, আন্তর্জাতিক নার্স দিবস, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। Gita Karmakar Florence Nightingale Award, Jalpaiguri Nurse Award, International Nurses Day 2026, National Florence Nightingale Award India.
খবর বঙ্গ ডিজিটাল ডেস্ক: আজ মঙ্গলবার, ১২ মে ২০২৬, আন্তর্জাতিক নার্স দিবস। এই বিশেষ দিনেই পশ্চিমবঙ্গের মুকুটে জুড়ল এক নতুন পালক। জলপাইগুড়ি জেলার কৃতি সন্তান তথা অবসরপ্রাপ্ত নার্স গীতা কর্মকার (Gita Karmakar) ভূষিত হলেন মর্যাদাপূর্ণ 'ফ্লোরেন্স নাইটিঙ্গল' (Florence Nightingale Award) পুরস্কারে। এদিন দিল্লির রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (Droupadi Murmu) হাত থেকে তিনি এই জাতীয় সম্মান গ্রহণ করেন। তাঁর এই সাফল্যে খুশির হাওয়া ছড়িয়ে পড়েছে উত্তরবঙ্গ তথা জলপাইগুড়ি স্বাস্থ্য দফতরে।

গীতা কর্মকারের কর্মজীবন

সূত্রের খবর, জলপাইগুড়ি শহরের বাসিন্দা ৬০ বছর বয়সী গীতা কর্মকার শারীরিকভাবে ৪০ শতাংশ প্রতিবন্ধী। তবে শারীরিক প্রতিবন্ধকতা তাঁর সেবার পথে কখনও বাধা হয়ে দাঁড়াতে পারেনি। তিনি দীর্ঘ চার দশক ধরে জলপাইগুড়ি জেলার বেলাকোবা গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে (Belakoba Rural Health Centre) এএনএম নার্স হিসেবে কর্মরত ছিলেন। জানা গিয়েছে, সুপারভাইজার পদে কর্মরত থাকাকালীন সাইকেলে চেপে গ্রামের প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতেন তিনি। দীর্ঘ ৪০ বছরের নিরলস পরিশ্রমের পর সম্প্রতি তিনি কর্মজীবন থেকে অবসর নিয়েছেন। আর সেই দীর্ঘ সেবার স্বীকৃতি হিসেবেই তাঁর হাতে উঠল স্বাস্থ্য পরিষেবার এই সর্বোচ্চ সম্মান।

গর্বিত জেলা স্বাস্থ্য দফতর

জলপাইগুড়ি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক (CMOH) চিকিৎসক অসীম হালদার এই সাফল্যে আনন্দ প্রকাশ করেছেন। তিনি জানান, "আজ আমাদের অত্যন্ত গর্বের দিন। আমাদের জেলার স্বাস্থ্যকর্মীরা আগেও কয়েকবার এই সম্মানে ভূষিত হয়েছেন। এবার বেলাকোবা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের হেলথ সুপারভাইজার গীতা কর্মকার রাষ্ট্রপতির হাত থেকে ফ্লোরেন্স নাইটিঙ্গল পুরস্কার পেলেন। অত্যন্ত পরিশ্রমী এই স্বাস্থ্যকর্মী এ বছরই অবসর নিয়েছেন।"
গীতা কর্মকার
আধুনিক নার্সিংয়ের প্রবর্তক ফ্লোরেন্স নাইটিঙ্গলের স্মরণে ১৯৭৩ সাল থেকে ভারত সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক এই পুরস্কার প্রদান করে আসছে। নার্সিং ও ধাত্রী বিদ্যায় অসাধারণ অবদান ও নিষ্ঠার স্বীকৃতি হিসেবে এটিই ভারতের সর্বোচ্চ জাতীয় সম্মান।

জলপাইগুড়ির সাফল্যের খতিয়ান

জলপাইগুড়ি জেলা থেকে এই প্রথম কেউ ফ্লোরেন্স নাইটিঙ্গল পুরস্কার পেলেন এমন নয়। ইতিপূর্বে:
২০২৩ সালে: ধূপগুড়ির কমিউনিটি হেলথ অফিসার অবিস্মিতা ঘোষ এই সম্মান পান।
২০২০ সালে: নাগরাকাটায় কর্মরত সুনীতা দত্ত পুরস্কারটি জেতেন।
২০১৯ সালে: রামশাই কাটামাটি স্বাস্থ্যকেন্দ্রের অরূপা সাহা এই সম্মানে ভূষিত হন।
এ ছাড়াও ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালের কর্মী গৌরী লামা এই মর্যাদাপূর্ণ পদক পেয়েছিলেন। সেই তালিকায় এবার নবতম সংযোজন গীতা কর্মকার।